দুই বছরে পদ্মা সেতু থেকে আয় ১ হাজার ৬৪৮ কোটি টাকা

fec-image

উদ্বোধন হওয়ার পর গত দুই বছরে পদ্মা সেতু থেকে ১ হাজার ৬৪৮ কোটি টাকা টোল আদায় করা হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) রাজধানীর বনানীতে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ১১৪তম বোর্ড সভা শেষ এই তথ্য জানানো হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সভার আলোচনার সারসংক্ষেপে জানানো হয়, দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার মানুষ পদ্মা সেতুর সুফল ভোগ করছেন। চালু হওয়ার পর থেকে এ পর্যন্ত প্রায় ১ কোটি ২৭ লাখ বার যানবাহন পারাপার হয়েছে। মোট টোল আদায় হয়েছে প্রায় ১ হাজার ৬৪৮ কোটি টাকারও বেশি।

সভা থেকে জানানো হয়, অর্থ বিভাগকে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ঋণ চুক্তি অনুযায়ী ৬ কিস্তিতে ৯৪৮ কোটি টাকা ইতোমধ্যে পরিশোধ করা হয়েছে। আগামী ২৭ জুন ২০২৪ তারিখে ৭ম ও ৮ম কিস্তি বাবদ ৩১৪ কোটি টাকার চেক গণভবনে মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে অর্থ বিভাগকে হস্তান্তর করা হবে।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে বর্তমানে প্রায় অর্ধেকাংশ চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে উল্লেখ করে বলা হয়, বাকি অংশের কাজ চলমান। প্রকল্পের সার্বিক অগ্রগতি শতকরা ৭৪ দশমিক ৮১ ভাগ। দক্ষিণে কাওলা হতে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত যাবে। প্রকল্পের মোট ব্যয় ৮ হাজার ৯৪০ কোটি টাকা।

এছাড়া ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটি বাস্তবায়ন করছে চায়না ন্যাশনাল মেশিনারি এক্সপোর্ট ইমপোর্ট করপোরেশন (সিএমসি)। প্রকল্পটি হযরত শাহজালাল বিমানবন্দর হতে শুরু হয়ে ঢাকা-ইপিজেড পর্যন্ত যাবে। প্রকল্পের মোট ব্যয় ১৭ হাজার ৫৫৩ কোটি টাকা। ২৪ কিলোমিটার দৈর্ঘ্যের এলিভেটেড এক্সপ্রেসওয়েটির এলাইনমেন্টের মধ্যে ২১ কিলোমিটার এ নির্মাণ কাজ চলমান রয়েছে। প্রকল্পটির সার্বিক অগ্রগতি শতকরা ৪৪ ভাগ।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: পদ্মা সেতু
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন