নাইক্ষ্যংছড়িতে পানিবন্দী মানুষের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ


বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলাস্থ ঘুমধুম ইউনিয়নের তুমব্রুতে পানিবন্দী পরিবারের মাঝে ত্রাণ সহায়তা দিলেন উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান তোফায়েল আহমেদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া।
২ জুলাই ভোর রাত থেকে টানা বর্ষণে ও পাহাড়ী ঢলে ঘুমধুম ইউপির ১ ও ২নং ওয়ার্ডের পশ্চিমকুল, বাজার পাড়া (কিছু অংশ), কোনার পাড়া প্লাবিত হয়ে পানিবন্দি ছিল প্রায় শতাধিক পরিবার।
বিষয়টি বান্দরবান জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিনের দৃষ্টিগোচর হওয়া মাত্র নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ এবং উপজেলা প্রশাসনকে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ত্রাণ সহায়তা প্রদানের নির্দেশনা প্রদান করেন। নির্দেশনা অনুযায়ী রাত সাড়ে নয়টার দিকে পানিবন্দী ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ খবর এবং তাদের সাথে কথা বলে বিভিন্ন পরামর্শ দেওয়া হয়। এছাড়া অধিক ক্ষতিগ্রস্ত ৬০ পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কোনার পাড়ায় পানিবন্দি ছিল এমন কয়েকজন নারী জানিয়েছেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তা খোঁজখবর নেওয়াতে ত্রাণ সামগ্রী পাওয়ার চেয়ে বেশি খুশি হয়েছেন।
নব-নির্বাচিত চেয়ারম্যান তোফায়েল বলেন, বর্তমান সরকার বন্যা কবলিত মানুষের খবর নিচ্ছেন ও দ্রুত সময়ের মধ্যে সেবা পৌঁছানো জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এলাকায় ক্ষতিগ্রস্ত হওয়া প্রায় মানুষের সাথে কথা বলেন এবং সামনে আরো ভারী বৃষ্টি হলে করণীয় বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ।
প্লাবিত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণকালে উপজেলা প্রশাসনের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, গণমাধ্যমকর্মী মাহমুদুল হাসান, ইউপি সদস্য দিল মোহাম্মদ ভুট্টো, যুবলীগ নেতা মোস্তাকিম আজিজ, স্থানীয় শ্রমিক নেতা শাহজাহানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

















