নেতাকর্মীদের গ্রেফতার ও রিমান্ডের প্রতিবাদে খাগড়াছড়িতে ইউপিডিএফ’র বিক্ষোভ
জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি :
নেতাকর্মীদের গ্রেফতার ও রিমান্ডের প্রতিবাদে খাগড়াছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সহযোগী সংগঠন পাহাড়ী ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন খাগড়াছড়ি জেলা শহরে আজ মঙ্গলবার বিকাল ৩টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।
বিক্ষোভ মিছিলটি জেলা শহরের স্বনির্ভর দলীয় কার্যালয় হতে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চেঙ্গী স্কোয়ারে বিক্ষোভ সমাবেশ করে। সমাবেশে পাহাড়ী ছাত্র পরিষদের জেলা সভাপতি বিপুল চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের সাধারণ সম্পাদক জিকু ত্রিপুরা ও হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সম্পাদিকা রীনা দেওয়ানসহ বিভিস্স পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে, ইউপিডিএফ প্রচার ও প্রকাশনা বিভাগের দায়িত্বরত নিরন চাকমা প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ নং পার্বত্য খাগড়াছড়ি আসনের প্রার্থী ও ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর কেন্দ্রীয় সভাপতি প্রসিত খীসা ও দলের কেন্দ্রীয় সদস্য উজ্জ্বল স্মৃতি চাকমা যুক্ত বিবৃতিতে প্রচার কার্যে মনোনীত নেতা-কর্মী ও সমর্থকদের অন্যায়ভাবে ধরপাকড়, হয়রানি ও এলাকায় জনমনে ভয়-ভীতি সঞ্চারের লক্ষে তল্লাশীর নামে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা জানান।
বিক্ষোভ সমাবেশে অবিলম্বে গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তি, হয়রানিমূলক তল্লাশী বন্ধ করার জন্য সরকারের নিকট জোর দাবী জানান।
উল্লেখ্য, গতকাল সোমবার জেলার দিঘীনালা ও মহালছড়ি থেকে পাহাড়ি ছাত্র পরিষদ ও গণতান্ত্রিক যুব ফোরামের ৮ জন নেতা-কর্মীকে আটক করে জেল হাজতে পাঠিয়ে রিমান্ডে নেয়া হয়েছে। এছাড়া মানিকছড়ি ও রামগড়ে ইউপিডিএফ নেতা ক্যহ্লাচিং মারমাসহ বেশ কয়েকজনের বাড়িতে তল্লশি সহ দিঘীনালা, মহালছড়িসহ বিভিন্ন জায়গায়ও একইভাবে তল্লাশি চালানো হচ্ছে বলে ইউপিডিএফ নেতৃবৃন্দ অভিযোগ করেন।



















