নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রাঙ্গামাটি শহরে বিক্ষোভ মিছিল

011

আলমগীর মানিক, রাঙামাটি:
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের রাঙামাটি জেলা সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে ফ্যাসিবাদী সরকারের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বৃহস্পতিবার দুপুরে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে স্বেচ্ছাসেবক দল। সকালে বিএনপির দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে মিছিলটি রাঙ্গামাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পরে রাঙামাটি পৌর স্বেচ্ছাসেবকদলের সভাপতি প্রগতি চাকমার সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও রাঙ্গামাটি জেলা বিএনপির সহ-সভাপতি রবীন্দ্র লাল চাকমা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা শ্রমিকদলের সভাপতি মমতাজ উদ্দিন, জেলা বিএনপির যুগ্ন সম্পাদক ও সদর থানা বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন, তৃণমুল দলের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, জেলা তাতীঁদলের সভাপতি ওসমান গণি মজুমদারসহ অংগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

রাঙামাটি পৌর স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক মোঃ আবু নাছিরের সঞ্চালনায় সমাবেশে আরো উপস্থিত ছিলেন, সদর থানা কমিটির সহ-সভাপতি মোঃ ছগির, পৌর কমিটির সাংগঠনিক সম্পাদক ওসমান, সহ-সাংগঠনিক সম্পাদক খোরশেদ ও মোঃ সিরাজ।

সমাবেশে বক্তারা বলেন, চলমান আন্দোলনে নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দায়ের করে তাদের মনোবল ভেঙ্গে রাজপথ থেকে সরানোর অপকৌশলে লিপ্ত রয়েছে রাঙামাটির পুলিশ প্রশাসন। কোনো প্রকার উস্কানী ছাড়াই বিএনপি নেতাকর্মীদের নামে মামলা দায়ের করছে পুলিশ প্রশাসন। এটাকে বর্তমান সরকারের স্বৈরাচারি আচরণ উল্লেখ করে বক্তারা আরো বলেন, এসব কর্মকান্ড করে পুলিশ প্রশাসনের মধ্যে দলীয় দৃষ্টিভঙ্গি প্রবেশ করিয়ে পুলিশ বিভাগকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে আওয়ামীলীগ যা মোটেও সুখকর কিছু বয়ে আনবেনা। এটা মোটেও ভালো লক্ষণ নয় বলেও মন্তব্য করে বক্তারা আরো বলেন, বর্তমান আওয়ামীলীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার দখলদার বাহিনীতে রূপান্তরিত হয়েছে। দখলদার এই গোষ্ঠিকে উৎখাত করে বিতাড়িত করা দেশের আপামর জনগণের নৈতিক দায়িত্ব হয়ে পড়েছে। তাই নাগরিক হিসেবে এই নৈতিক দায়িত্ব পালনে দেশনেত্রী ঘোষিত একদফার আন্দোলনে ঝাপিঁয়ে পড়তে হবে।

বক্তারা আরো বলেন, বর্তমান সরকারের সকল ষড়যন্ত্রের জবাব দিতে হবে রাজপথে আর তাই সকলে ঐক্যবদ্ধভাবে আন্দোলনের কোনো বিকল্প নাই। সমাবেশে নেতৃবৃন্দরা অনতিবিলম্বে দলীয় নেতাকর্মীদের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান। উল্লেখ্য, গত ২৫ অক্টোবর রাঙ্গামাটিতে সংঘর্ষের ঘটনায় বিএনপি ও অঙ্গসংগঠনের ২শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করে পুলিশ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন