নৌকার সমর্থনে শেষ প্রচারণায় মুখরিত বান্দরবান


নৌকার সমর্থনে শেষ প্রচারণায় মুখরিত ছিল পার্বত্য জেলা বান্দরবান।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকালে বাংলাদেশ আওয়ামী লীগ, অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীদের নিয়ে বর্ণাঢ্য এক শোভাযাত্রার মধ্য দিয়ে শেষ হয়েছে নৌকার শেষ প্রচারণা।
আর সেই উপলক্ষে নির্বাচনী শেষ প্রচারণায় জমে উঠেছে পার্বত্য জেলা বান্দরবান।
বান্দরবান সদরের ঐতিহ্যবাহী রাজার মাঠ থেকে ৩০০ নং সংসদীয় আসনের নৌকা মার্কার প্রার্থী বীর বাহাদুর উশৈসিংকে সপ্তম বারের মত বিপুল ভোটে জয়যুক্ত করার লক্ষ্যে নির্বাচনী জনসভা ও বর্ণাঢ্য র্যালি করা হয়েছে দলের পক্ষ থেকে।
শোভাযাত্রা শেষে বান্দরবান রাজার মাঠে এক আলোচনা সভার আয়োজন করা হয়। জনসভায় আওয়ামী লীগের প্রার্থী বীর বাহাদুর উ শৈ সিং বলেন, বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য আওয়ামী লীগ সরকারের ধারাবাহিকতা একান্ত প্রয়োজন। আওয়ামী লীগ সরকারের অধীনে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশের গৌরব অর্জন করেছে।
জনসভায় আরো উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা আওয়ামী লীগের সভাপতি ক্য শৈ হ্লা, সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ, সহ-সভাপতি আলহাজ্ব শফিকুর রহমানসহ আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

















