পানছড়িতে কনকনে শীত: ছিন্নমূল-অসহায় শীতার্তদের পাশে দাঁড়াল বিজিবি ও ইউপি

পানছড়ি প্রতিনিধি :
পৌষের কনকনে শীতে একটু গরম কাপড়ের আশায় পথ চেয়ে বসে আছে জেলার পানছড়ি উপজেলার প্রত্যন্ত এলাকা থেকে শুরু করে উপজেলা সদর এলাকার ছিন্নমূল ও হত দরিদ্ররা। আর তাদের কিছুটা হলেও শীত নিবারণে হাত বাড়িয়েছে পানছড়িস্থ ২০ বিজিবি লোগাং জোন ও উপজেলার পাঁচ ইউনিয়ন পরিষদ। তাদের হাত ধরে চলছে উপজেলার এপার থেকে ওপার পর্যন্ত শীতবস্ত্র বিতরণ।
চলতি মৌসুমের গত ১৫/২০ দিনের কনকনে শীতে দিশেহারা হয়ে পড়েছে পুরো পানছড়িবাসী। এই হাড় কাঁপানো শীতে বেশী দুর্ভোগ পোহাচ্ছেন নিম্ন আয়ের সাধারণ লোকজন। অনেকেরই ধারণা গত কয়েক বছরের মধ্যে এটাই সর্বনিম্ন তাপমাত্রার শীত। শুধু শীত নয় শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশার কারণে প্রায়ই সূর্যের দেখাও মিলে না।
এদিকে পানছড়ি সদর বাজারে শীতের গরম কাপড় কেনা-বেচার লেগেছে উপচে পড়া ভিড়। বিশেষ করে নিক্সন মার্কেট হিসাবে খ্যাত ফুট-পাতের পুরনো গরম কাপড়ের দোকানগুলোতে সকাল-সন্ধ্যা জমে উঠে পাহাড়ি-বাঙালি ক্রেতাদের মিলনমেলা। বিভিন্ন এলাকায় গৃহপালিত পশু বিশেষ করে গরু-ছাগলের গায়েও চটের বস্তা দিয়ে শীত নিবারণের চেষ্টা করছে।
আসলে মাঘের শীতে বাঘ পর্যন্ত কাঁপে এই কথাটির সত্যতা দীর্ঘদিন যাবৎ পাওয়া যাচ্ছে না। পৌষের শীতে এখন শুধু বাঘ নয় বাঘের উপর কিছু থাকলে সেটাকেও হার মানাতো। অনেক হত দরিদ্ররা জানান, শীত বস্ত্র বিতরণকারীরা শীত মৌসুমের শুরুতেই শীত বস্ত্র বিতরণ করলে শীতার্তরা আরো বেশী উপকৃত হবে।
Facebook Comment


















