পানছড়িতে বিজয় মেলার উদ্বোধন
পানছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় দীর্ঘ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বিজয় মেলা’১৫। এই প্রাণবন্ত অনুষ্ঠানের আয়োজন করেছে পানছড়ি মুক্তিযোদ্ধা কমান্ড। রবিবার বিকাল ৪টায় প্রায় ১৫ দিনব্যাপী এই আয়োজনের শুভ উদ্বধন করেন পানছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সর্বোত্তম চাকমা।
অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো: বাহার মিয়া, সাধারণ সম্পাদক জয়নাথ দেব, সাংগঠনিক সম্পাদক মো: আবু তাহের, যুবলীগ সাধারণ সম্পাদক নাজির মাহমুদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো: মনিরুজ্জামান, সাবেক কমান্ডার দীলিপ বড়ুয়া ও মেলা পরিচালনা প্রধান নুর মোহাম্মদ প্রমুখ।
সরেজমিনে দেখা যায়, এই উপলক্ষে পানছড়ি উপজেলা পরিষদ মাঠকে সাজানো হয়েছে নান্দনিক সাজে। মাঠের চারদিক সেজে আছে লাল-নীল-হলদে কাপড়ের আবৃতে। কোমলমতি শিশু-কিশোরদের হৈ-হুল্লোরে পুরো মাঠ যেন ফিরে পেয়েছে প্রাণের সঞ্চার। বিশেষ করে আলমগীর মোটর সাইকেল দিয়ে বিভিন্ন রকম কসরত দেখিয়ে মেলাটিকে করে তুলেছে দারুণ জমজমাট।, শীতের পিঠা, ফুচকা, চটপটি, কফি হাউসসহ চারদিকে রকমারী স্টলে লেগে আছে উপচে পড়া ভিড়। মেলায় আগত আজহার, মানিক, ইমাম, আকতার, সাইফুল, মিজান, ফারুকসহ অনেকে জানান, পানছড়িতে বিনোদন বলতে কিছুই নেই। তাই দীর্ঘ বছর পর এই প্রাণবন্ত আয়োজনে পানছড়িবাসী আনন্দে উৎফুল্ল।



















