পানছড়ির মাধ্যমিক শিক্ষা ও হিসাব রক্ষণ কর্মকর্তার উপর হামলার ঘটনায় মামলা দায়ের
স্টাফ রিপোর্টার:
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার হিসাব রক্ষণ কর্মকর্তা দেবাশীষ খীসা (৫০) ও মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শাহজাহান মিয়া (৫০) এর উপর হামলার ঘটনায় অবশেষে মামলা দায়ের করা হয়েছে। হামলায় আহত পানছড়ি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শাহজাহান মিয়া বাদী হয়ে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীদের আসামি করে এ মামলা দায়ের করেন।
পানছড়ি থানা অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার বিকেলে বাদির অভিযোগের ভিত্তিতে ১৪৩/৩২৩/৩২৫দ: বিধিতে অত্র থানায় একটি মামলা রুজু হয়েছে। পানছড়ি থানার মামলা নং-০২/১০, তারিখ ১৬/৩/২০১৬ খ্রি:।
মামলার তদন্তকারী কর্মকর্তা পানছড়ি থানার সাব ইন্সপেক্টর মো. তোহিদুল ইসলাম জানান, মামলা হাতে পেয়েই তদন্তে নেমেছি। মূল আসামিদের সনাক্ত করতে পুলিশ আন্তরিকতার সহিত কাজ করছে বলেও তিনি জানান।
উল্লেখ্য, ৮/৩/২০১৬ খ্রি. মঙ্গলবার রাত ৯টায় প্রতিদিনের ন্যায় পানছড়ি বাজার থেকে নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রাদি ক্রয় করে ফেরার পথে থানা জামে মসজিদ কবরস্থান এলাকায় রাতের অন্ধকারে অজ্ঞাতনামা সন্ত্রাসী হামলায় দু’জন গুরুতর আহত হয়। আহত হিসাব রক্ষণ কর্মকর্তা দেবাশীষ খীসা বর্তমানে চট্টগ্রামে চিকিৎসাধীন রয়েছেন।
এর প্রতিবাদে গত বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের কর্মকর্তারা এই বর্বরোচিত হামলার সুষ্ঠু বিচারের দাবিতে পানছড়ি বঙ্গবন্ধন্ধু স্কোয়ারে মানববন্ধন ও কর্মবিরতি করে। একই দিন বেলা ১টার দিকে ২৯৮ নং আসনের সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরার আশ্বারের প্রেক্ষিতে সবাই স্ব-স্ব কর্মস্থলে ফেরত আসে।
এ ঘটনার পর থেকে পানছড়ি উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। সন্ধ্যার পর ভয়ে কেউ বাজারমুখী না হয়ে রুমে বসে বসেই আতঙ্কে দানিতপাত করছে বলে অনেকেই জানান।




















