বান্দরবানে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


দেশের ঐতিহ্যবাহী এবং মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে বান্দরবানে উদ্যাপিত হয়েছে।
রোববার (২৩ জুন) সকালে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে বিকেলে একটি শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে আলোচনা সভায় মিলিত হয়। এই প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় সভাপতিত্ব করেন বান্দরবান জেলা আওয়ামী লীগ এর সভাপতি ক্য শৈ হ্লা ।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর বাহাদুর উশৈসিং এমপি, আরো উপস্থিত ছিলেন বান্দরবান জেলা আওয়ামী লীগ এর সহ-সভাপতি মো. শফিকুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লক্ষ্মী পদ দাশ, পৌর আওয়ামী লীগের সভাপতি অমল কান্তি দাশসহ আরো অনেকে।
এসময় বক্তারা ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ সহ দেশে ঘটে যাওয়া বিভিন্ন ক্রান্তিকালে আওয়ামী লীগের অবদানের কথা তুলে ধরেন।
সমাবেশ শেষে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কাটা হয় কেক। পরে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এসব কর্মসূচিতে আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

















