বুধবার জনসংহতি সমিতির ডাকে তিন পার্বত্য জেলায় অফিস-আদালত বর্জন
স্টাফ রিপোর্টার:
পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের দাবীতে সন্তু লারমার অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে বুধবার তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে অফিস-আদালত বর্জন কর্মসূচি পালন করবে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস)। সম্প্রতি সংগঠনটির পক্ষ গণমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি মুখপাত্র সজিব চাকমা জানান, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নেতৃত্বে পার্বত্য চট্টগ্রামের জুম্ম জনগণের অসহযোগ আন্দোলন অব্যাহতভাবে এগিয়ে চলেছে। ইতোমধ্যে চুক্তি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল, হাট-বাজার বর্জন, কালো পতাকা মিছিল, ক্লাস বর্জন ও ছাত্র ধর্মঘট, ছাত্র-যুব সমাবেশ, প্রতীকী অনশন ধর্মঘট, স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে।
কিন্তু তা সত্ত্বেও সরকার চুক্তি বাস্তবায়নে অব্যাহতভাবে নির্লিপ্ততা প্রদর্শন করে চলেছে। তাই অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে বুধবার তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বন্দরবানের সকল প্রকার অফিস-আদালতসহ জেলা-উপজেলা-ইউনিয়ন স্তরের সরকারী-বেসরকারী ও আধা-সরকারী সকল প্রকার অফিস, আদালত, ব্যাংক-বীমা-এনজিও-পরিষদীয় অফিস বর্জন কর্মসূচি পালন করা হবে।
এদিকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে অংশ হিসেবে অফিস-আদালত বর্জন কর্মসূচির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে পার্বত্য বাঙালী ছাক্র ঐক্য পরিষদের নেতারা।
মঙ্গলবার পার্বত্য বাঙ্গালী ছাত্র ঐক্য পরিষদ সভাপতি উজ্জল পাল এক বিবৃতিতে জানান, সরকারী সুযোগ সুবিধা ভোগ করে সরকারের বিরুদ্ধে আন্দোলনে নেমেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি। আন্দোলনের নামে পার্বত্যঞ্চলের সাধারণ মানুষকে হয়রানি ছাড়া আর কিছুই না। তার পরেও সরকার এ নামধারী সংঘঠনের বিরুদ্ধে কোন পদক্ষেপ গ্রহণ করছেনা।


















