মহালছড়িতে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ শান্তিপূর্ণভাবে পালিত
মহালছড়ি সংবাদদাতা:
খাগড়াছড়ি’র মহালছড়িতে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের ডাকা সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। স্থানীয়ভাবে কিছুটা হালকা যানবাহন চলাচল করলেও দুরপাল্লার যানবাহন চলাচল করেনি ।
শুক্রবার সড়ক অবরোধের ডাক দেয়ায় যাত্রীদের ভোগান্তি হলেও কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের মহালছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জানান, মহালছড়িতে সড়ক অবরোধ শান্তিপূর্ণ ও সফল হয়েছে। হঠাৎ সড়ক অবরোধ কর্মসূচী ঘোষণা সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ষড়যন্ত্র ও উদ্দেশ্যমূলকভাবে সাজানো মামলায় জেলা নেতাকে গ্রেফতার করা হয়েছে। পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন যাবত অপহরণ, চাঁদাবাজী, মুক্তিপণ আদায়ের মতো বড় বড় ঘটনা ঘটিয়েও পুলিশ কোন অপরাধীকে এখনো পর্যন্ত ধরতে পারেনি। অথচ, কে বা কারা ষড়যন্ত্র করে সাজানো ও মিথ্যা মামলা দিয়ে কোন তদন্ত ছাড়া বাঙ্গালী ছাত্র নেতাকে গ্রেফতার করা হয়েছে। এটি পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ তথা সচেতন ছাত্র সমাজ কোনদিন মেনে নেবেনা।
আটককৃত জেলা নেতা এস এম মাসুদ রানাকে নি:শর্ত মুক্তি দেয়া না হলে পুরো ছাত্র সমাজকে সাথে নিয়ে বৃহত্তর আন্দোলনের ঘোষনা দেবেন বলে জানান। উল্লেখ্য, বৃহস্পতিবার রাত সাড়ে দশটায় খাগড়াছড়ি’র মাই ওয়ান টিভির শো’রুম থেকে চাঁদাবাজি মামলায় গ্রেফতারী পরোয়ানা দেখিয়ে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক এস এম রানাকে গ্রেফতার করে পুলিশ। এর প্রতিবাদে খাগড়াছড়ি জেলায় শুক্রবার তাৎক্ষণিক সকাল-সন্ধ্যা সড়ক অবরোধের ডাক দেয় পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ।


















