রবিবার খাগড়াছড়ি জেলায় অর্ধদিবস সড়ক অববোধ সফল করার আহ্বান
পার্বত্যনিউজ ডেস্ক:
খাগড়াছড়ির দীঘিনালার বাবুছড়া এলাকায় গত ১০ জুন বিজিবি-পুলিশ ও সেটলার কর্তৃক নিরীহ পাহাড়ি গ্রামবাসীদের উপর হামলার অভিযোগ করে প্রতিবাদে আগামী ১৫ জুন রবিবার খাগড়াছড়ি জেলায় ডাকা অর্ধদিবস সড়ক অবরোধ কর্মসূচি সফল করার জন্য জেলাবাসীর প্রতি আহ্বান জানিয়েছে পাহাড়ি ছাত্র পরিষদ, গণতান্ত্রিক যুব ফোরাম ও হিল উইমেন্স ফেডারেশন।
শুক্রবার সংবাদ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি বিপুল চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা আহ্বায়ক জিকু ত্রিপুরা ও হিল উইমেন্স ফেডারেশনের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মিশুক চাকমা এক যুক্ত বিবৃতিতে এ আহ্বান জানান।
বিবৃতিতে তিন সংগঠনের নেতৃবৃন্দ বলেন, ‘বিজিবি সম্পূর্ণ বেআইনীভাবে ও জোরজবরদস্তি করে বাবুছড়া এলাকায় পাহাড়িদের জায়গা বেদখলের মাধ্যমে ব্যাটালিয়ন সদর দপ্তর স্থাপনের কাজ করছে। গত মঙ্গলবার নিজ জায়গায় কলা চারা রোপন করতে গেলে বিজিবি, পুলিশ ও সেটলাররা যৌথভাবে নিরীহ পাহাড়ি গ্রামবাসীদের উপর হামলা চালিয়েছে। তাদের বেপরোয়া হামলায় ১৫ জন নারীসহ ১৮ জন পাহাড়ি গ্রামবাসী আহত হয়েছে। এ অন্যায়ের বিরুদ্ধে সকলকে একযোগে প্রতিবাদে সামিল হওয়ার সময় এসেছে’।
নেতৃবৃন্দ উক্ত ঘটনার প্রতিবাদে তিন সংগঠনের ডাকা আগামী ১৫ জুন রবিবার খাগড়াছড়ি জেলায় সকাল ৬ টা থেকে দুপুর ১টা পর্যন্ত অর্ধদিবস সড়ক অবরোধ সফল করার জন্য জেলার সকল যান মালিক সমিতি, শ্রমিক সংগঠন ও সর্বস্তরের জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন। সড়ক অবরোধ চলাকালে এ্যাম্বুলেন্স, রোগী ও ঔষধ বহনকারী গাড়ি, সাংবাদিক ও সংবাদপত্র বহনকারী গাড়ি অবরোধের আওতামুক্ত থাকবে।


















