বৌদ্ধ ধর্ম গ্রহণ করে মারমা যুবককে বিয়ে মুসলিম তরুণীর


মোবাইলে প্রেমের সম্পর্কের টানে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার রাইংগা পাড়ার বাসিন্দা বিবাহিত যুবক দুই সন্তানের জনক লাব্রেঅং মারমা (২৯) ওরফে কালা মারমার কাছে ছুটে এসেছেন চাঁদপুরের ২৫ বছর বয়সী মুসলিম তরুণী নুরুন নাহার। শুধু তাই নয়, মঙ্গলবার আইনী প্রক্রিয়ায় বৌদ্ধ ধর্মে ধর্মান্তরিত হয়ে নিজের নাম পরিবর্তন করে প্রেমিক লাব্রেঅং মারমাকে বিয়ে করেছেন মুসলিম এই তরুণী। আর এই বিয়ে মেনেও নিয়েছেন লাব্রেঅং মারমার প্রথম স্ত্রী। তিনি বলেছেন, তারা সবাই এক সাথে থাকতে চান। এ নিয়ে পরিবারে কোনো অশান্তি চান না তিনি।
জানা যায়, রাইংগা পাড়ার বাসিন্দা মংচাই মারমার ছেলে লাব্রেঅং মারমা ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক। দীর্ঘদিন ধরে চাদপুর সদর উপজেলার দক্ষিণ বালিয়া এলাকার বেপারি বাড়ির বাসিন্দা মিজান বেপারির মেয়ে নুরুন নাহারের সঙ্গে প্রেম করে আসছিলেন লাব্রেঅং। প্রেমের পূরণতা দিয়ে গত ১৯ এপ্রিল প্রেমিকা নুরুন নাহারকে নিজ বাড়িতে নিয়ে আসেন লাব্রেঅং। তার প্রথম স্ত্রীও মেনে নেয় প্রেমের এই সম্পর্ক। এরপর গতকাল জানাজানি হলে, আজ সকালে তারা আইনী প্রক্রিয়ায় ধর্ম পরিবর্তন ও বিবাহ সম্পন্ন করে। ধর্ম পরিবর্তনের সময় নুরুন নাহার নিজের নাম পরিবর্তন করে রাখেন মাসানু মারমা।
এদিকে সকালে এ ঘটনা জানাজানি হলে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
















