আলীকদমে অবৈধ গাছ কর্তনের বিরুদ্ধে যৌথ অভিযান, এস্কেভেটর অচল


বান্দরবানের আলীকদম উপজেলায় অবৈধভাবে গাছ কর্তন ও পাহাড় কেটে রাস্তা নির্মাণের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ব্যাঙ ঝিরি এলাকায় এ অভিযান পরিচালিত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে পাহাড় কেটে অবৈধভাবে সড়ক নির্মাণ এবং বনজ সম্পদ আহরণ করে আসছিল। উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বন বিভাগের তৈন রেঞ্জ কর্মকর্তা এবং আলীকদম থানা পুলিশের সদস্যরা অংশগ্রহণ করেন।
অভিযানের অংশ হিসেবে চৈক্ষ্যং ইউনিয়নের পামিয়া পাড়া, তুংতুই পাড়া, নামসাক পাড়া ও খাকই পাড়াসহ চারটি এলাকায় তল্লাশি চালানো হয়। অভিযানকালে ঘটনাস্থলে একটি এস্কেভেটর পাওয়া গেলেও সংশ্লিষ্ট কোনো ব্যক্তি বা সরঞ্জামাদি উদ্ধার করা সম্ভব হয়নি। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে জড়িত ব্যক্তিরা দ্রæত এলাকা ত্যাগ করে পালিয়ে যায়। পরে অবৈধ কার্যক্রমে ব্যবহৃত লেবার সেটস পুড়িয়ে ফেলা হয় এবং এস্কেভেটরটি পুনরায় ব্যবহার ঠেকাতে সেটিকে অচল করে দেওয়া হয়।
তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানা গেছে। উপজেলা প্রশাসন জানিয়েছে, বনজ সম্পদ রক্ষা এবং অবৈধ কাঠ পাচার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
















