বাংলা পুরাতন বছরকে বিদায় ও নতুন বছরকে বরণ করতে পাহাড়ে বিভিন্ন জাতি গোষ্ঠী মেতে উঠেছে নিজ নিজ সংস্কৃতি ও উৎসবে। উৎসবমুখর পরিবেশে খাগড়াছড়ি মাটিরাঙ্গায় অনুষ্ঠিত হয়েছে মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী উৎসব সাংগ্রাইং।
এ লক্ষ্যে রবিবার (১২ এপ্রিল) সকালে পৌরসভার বাবুপাড়া মারমা উন্নয়ন সংস্থার সামনে থেকে একটি শোভাযাত্রা শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাবুপাড়া মাঠে একটি আলোচনা সভার আয়োজন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল, সাধারণ সম্পাদক ইব্রাহীম পাটোয়ারী ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া।
এই সময় বক্তারা বলেন, সাংগ্রাই উৎসব মারমা সম্প্রদায়ের সংস্কৃতি ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। এ ধরনের আয়োজন পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
দিনব্যাপী নানা সাংস্কৃতিক পরিবেশনা, ঐতিহ্যবাহী নৃত্য এবং আনন্দঘন আয়োজনের মধ্য দিয়ে উৎসবটি প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানে মারমা সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
পরে ঐতিহ্যবাহী জল কেহেলী খেলা অনুষ্ঠিত হয়। উৎসবকে ঘিরে পুরো এলাকায় বিরাজ করে আনন্দ-উচ্ছ্বাসের আবহ, যা স্থানীয়দের মাঝে নতুন বছরের আনন্দকে আরও বেগবান করে তোলে।