মাটিরাঙ্গায় চার ‘শ্রেষ্ঠ জয়িতা’ পেল ক্রেস্ট ও সম্মাননা

উপজেলা প্রতিনিধি, মাটিরাঙ্গা :
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে সোমবার মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের সহযোগীতায় মাটিরাঙ্গা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ‘‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’’ শীর্ষ র্যালি, আলোচনা সভা অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে উপজেলার ৪ জন ‘শ্রেষ্ট জয়িতা’-কে ক্রেস্ট ও সম্মাননা সনদ বিতরণ করা হয়।
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ক্রেস্ট ও সম্মাননা প্রাপ্ত ‘শ্রেষ্ঠ জয়িতা’রা হলেন, অর্থনৈথিকভাবে সাফল্য অর্জনে বেলছড়ি ইউনিয়নের জয়গুন বিবি, সফল জননী হিসেবে হোসনে আরা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করায় বড়নাল ইউনিয়নের শাহেনা বেগম ও সমাজ উন্নয়নে অবদান রাখার জন্য জাহানারা বেগম। উপজেলা পরিষদের হলরুমে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ড. মোহাম্মদ মাহে আলম এর সভাপতিত্বে অনুঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: দেলোয়ার হোসেন। অন্যান্যের মধ্যে মাটিরাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: বেলায়েত হোসেন, মাটিরাঙ্গা সদও ইউনিয়নের চেয়ারম্যান হিরণজয় ত্রিপুরা, সফল জননী হোসনেআরা বেগম, শাহানা বেগম ও জয়গুন বিবি প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা বড়ুয়া।
সভাপতির বক্তব্যে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ড. মোহাম্মদ মাহে আলম সকলকে রোকেয়ার আদর্শে উদ্বুদ্ধ হয়ে নারী জাগরনের পক্ষে কাজ করার আহবান জানিয়ে বলেন, একজন সফল নারী সমাজের বড় শক্তি হিসেবে কাজ করতে পারে। তিনি সফল নারীদেরকে স্ব-স্ব অবস্থান থেকে সমাজের জন্য কাজ করে যাওয়ার আহবানও জানান। পরে অনুষ্ঠানে বিভিন্ন অনুষ্ঠানে পদস্থ সরকারী কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


















