মেরিন ড্রাইভে বন্যহাতির আক্রমণে একজনের মৃত্যু


কক্সবাজারে মেরিন ড্রাইভ সড়কে সংলগ্ন বন্যহাতির আক্রমণে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শুক্রবার (৫ জুলাই) ভোরে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বড়ছড়া দরিয়ানগর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মনির আলম (৫০) কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের বড়ছড়া দরিয়ানগর এলাকার মৃত কালা মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার দক্ষিণ বনবিভাগের সদর রেজ্ঞ কর্মকর্তা সমীর রজ্ঞন সাহা।
স্থানীয়দের বরাতে তিনি জানান, কক্সবাজার দক্ষিণ বনবিভাগের হিমছড়ি সংরক্ষিত বনে বেশ কিছু বন্যহাতির বিচরণ রয়েছে। ওই হাতিগুলো মাঝে মধ্যে লোকালয়ে চলে আসে। শুক্রবার ভোরের আগে বড়ছড়া দরিয়ানগর এলাকায় একটি বন্যহাতি লোকালয়ে ঢুকে পড়ে। এসময় আতঙ্কিত লোকজন ঘটনাটি স্থানীয় বনবিভাগকে অবহিত। তবে বনবিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা হাতিকে তাড়ানোর চেষ্টা চালায়। এসময় বন্যহাতির আক্রমণে এক ব্যক্তি আহত হন। পরে তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বনবিভাগের এ রেজ্ঞ কর্মকর্তা আরো বলেন, বনবিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার পর স্থানীয়দের সহায়তায় হাতিটিকে গহীন বনে ফিরিয়ে দিতে সক্ষম হন। গত ৩ দশকের বেশী সময় বড়ছড়া দরিয়ানগর এলাকায় জনবসতি গড় উঠার পর বন্যহাতির আক্রমণে কোন মানুষের মৃত্যুর ঘটনা এটিই প্রথম। এতে স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়েছে।
নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান সমীর রজ্ঞন সাহা।

















