যার ভোট সে দেবে, যাকে খুশি তাকে দেবে : পুলিশ সুপার


বান্দরবান পুলিশ সুপার সৈকত শাহীন বলেছেন, যার ভোট সে দেবে, যাকে খুশি তাকে দেবে। সকাল ৮টা থেকে বিকেল পর্যন্ত যখন খুশি তখন দেবে। নির্বাচনকালীন সময়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এমন কঠোর থাকবে কেউ কল্পনাও করতে পারবে না।
শুক্রবার ( ১৭ মে) বিকেল নাইক্ষ্যংছড়ি উপজেলার দুর্গম কাগজি খোলা পুলিশ ফাঁড়ি এলাকা ও পুলিশ ফাঁড়ি পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি ।
আসন্ন ২১ মে নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে নাইক্ষ্যংছড়ির দুর্গম এলাকার ৩ পুলিশ স্টেশন পরিদর্শন করেন বান্দরবান পুলিশ সুপার সৈকত শাহীন।
পুলিশ সুপার বলেন, সবাই নিশ্চিত থাকেন ভোট সুষ্ঠু হবে, অনিয়ম হবে না। কেউ কারচুপি করতে চাইলে বা পরিবেশ নষ্ট করতে চাইলে তার পরিণতি হবে ভয়াবহ। কাউকেও ছাড় নয়।
তিনি আরও বলেন, নির্বাচন কালে সন্ত্রাসী বা উগ্র কোনো গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। সীমান্ত এলাকা হওয়া অবৈধ অস্ত্র বা যে কোন ধরনের মরণ-ঘাতী অস্ত্রের বিষয়ে পুলিশ মাঠে নেমেছে খাকি পোশাক ও সাদা পোশাকে। এছাড়াও গোয়েন্দারা মাঠে কাজ করছে অবৈধ অস্ত্রের বিষয়ে। সুতরাং নির্বাচন বানচাল বা পরিবেশ নষ্ট-কারী রাষ্ট্রের কল্যাণ চায় না। সরকার চায় সুষ্ঠু নির্বাচন। তাই সুষ্ঠু নির্বাচনে আইন ভঙ্গ না করতে তিনি সকলে সহযোগিতা চায়।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ মো. আবদুল মান্নান, কাগজি-খোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনজুর কাদের ভুঁইয়া, নাইক্ষ্যংছড়ি প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা-সভাপতি মাঈনুদ্দিন খালেদ, সাবেক সভাপতি ইফসান খান ইমন ও প্রেস ক্লাবের সিনিয়র সদস্য আবদুর রশিদ প্রমুখ।

















