রাঙামাটি সদর হাসপাতালে চিকিৎসার খোঁজখবর নিলেন দীপেন দেওয়ান


আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ান রাঙামাটি জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছেন।
২৩ নভেম্বর রোববার দুপুরে দীপেন দেওয়ান রাঙামাটি জেনারেল হাসপাতালে গিয়ে বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন। তিনি ভর্তি রোগীদের চিকিৎসার খোঁজখবর নেন।
পরিদর্শনকালে এডভোকেট দীপেন দেওয়ান মেডিসিন, সার্জিক্যাল, গাইনি, শিশু ও জরুরি বিভাগসহ বিভিন্ন ওয়ার্ডে থাকা রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলে চিকিৎসা সেবা, ওষুধ প্রাপ্তি, শয্যা সংকট, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও নার্সিং সেবাসহ সার্বিক পরিস্থিতি সম্পর্কে মতামত নেন।
এ সময় তিনি হাসপাতালের চিকিৎসক ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছ থেকেও চলমান সেবা, চাহিদা, সংকট ও উন্নয়ন কাজ সম্পর্কে সংক্ষিপ্ত অবহিত হন।
এ সময় রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. শওকত আকবর, জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু সাদাৎ মোহাম্মদ সায়েম, জেলা বিএনপি’র স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মো. বাচ্চু মিয়া,জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ টিপু, কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আল আমিন প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এডভোকেট দীপেন দেওয়ান বলেন, রাঙামাটির বাসিন্দারা যাতে উন্নত চিকিৎসা সেবা পান এবং হাসপাতালে সেবা আরও সহজলভ্য হয় তার জন্য আগামীতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। রোগীদের সমস্যা ও হাসপাতালের সীমাবদ্ধতাগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

















