রাজস্থলীতে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার করল পুলিশ

fec-image

রাঙামাটির রাজস্থলী উপজেলার ৩ নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কুতুরিয়া পাড়া সিনেমা হলের সামনে বান্দরবান সড়কের পাশ থেকে অজ্ঞাত এক বৃদ্ধের বেওয়ারিশ লাশ উদ্ধার করেছে চন্দ্রঘোনা থানা পুলিশ।

সোমবার (২২ ডিসেম্বর) স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে বাঙ্গালহালিয়া পুলিশ ফাঁড়ি ও চন্দ্রঘোনা থানায় খবর দিলে দ্রুত ঘটনাস্থলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

ইউপি সদস্য থুইচিংমং মারমা জানান, ওই বৃদ্ধকে গত ৩–৪ দিন ধরে এই এলাকায় ঘোরাফেরা করতে দেখা গেছে। তার পায়ে পচন ধরেছিল বলে স্থানীয়দের ধারণা। সেই সংক্রমণের কারণেই তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে জানান তিনি।

বাঙ্গালহালিয়া পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ মাহফুজ বলেন, “ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পেয়ে আমরা ঘটনাস্থলে এসে আশপাশের এলাকায় খোঁজখবর নিয়েছি। তবে এখন পর্যন্ত ব্যক্তিটির কোনো পরিবার বা স্বজনের সন্ধান পাওয়া যায়নি। লাশটির শরীর তল্লাশি করেও কোনো পরিচয়পত্র বা প্রয়োজনীয় কাগজপত্র পাওয়া যায়নি।”

ইউপি চেয়ারম্যান আদোমং মারমা বলেন, এলাকাবাসীর উপস্থিতিতে মুসলিম রীতি অনুযায়ী লাশটি পুলিশ ফাঁড়ির পাশেই দাফন করা হয়েছে।

এ বিষয়ে চন্দ্রঘোনা থানার ওসি এম সাকের হোসেন জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। কোনো অভিযোগ না থাকায় সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানের সহযোগিতায় দাফন কাজ সম্পন্ন করা হয়।

স্থানীয়রা জানান, অপরিচিত এই বৃদ্ধকে গত কয়েকদিন ধরে কুতুরিয়া পাড়া ও আশপাশের এলাকায় ঘোরাফেরা করতে দেখা যায়। তিনি হয়তো মানসিকভাবে অসুস্থ ছিলেন বলে ধারণা করা হচ্ছে। তার ডান পায়ে পচন ধরে দুর্গন্ধ ছড়াচ্ছিল। দীর্ঘদিন চিকিৎসা না পাওয়ায় সংক্রমণ বেড়ে গিয়ে তার মৃত্যু হতে পারে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন