ডেলিভারি রোগীকে কাঁধে নিয়ে দুর্গম পাহাড় পাড়ি


রাঙামাটি জেলার বরকল উপজেলার প্রত্যন্ত অঞ্চলে উন্নত যোগাযোগ ব্যবস্থার অভাবে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিতে এখনো ঝুঁকিপূর্ণ ও প্রাচীন পদ্ধতির ওপর নির্ভর করতে হচ্ছে স্থানীয়দের।
শনিবার (১৩ জুন) সকালে এমনই এক হৃদয়বিদারক দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে উঠে আসে।
ভিডিও চিত্রে দেখা যায়, বরকল উপজেলার বরতপাড়া গ্রামের এক অন্তঃসত্ত্বা নারীকে প্রসবের জন্য একটি লম্বা বাঁশের সঙ্গে কাপড় বেঁধে তৈরি করা দোলায় বহন করে দুর্গম পাহাড়ি পথ পাড়ি দিচ্ছেন গ্রামবাসীরা।
দুর্গম পাহাড়ি এসব এলাকায় উন্নত রাস্তা না থাকায় কেবল স্বাস্থ্য সেবার সঙ্কটই নয়, কৃষি পণ্য বাজারজাত কিংবা জরুরি যেকোনো প্রয়োজনে যাতায়াত করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
অন্তত ইটসিলিং পর্যন্ত যদি একটি পাকা রাস্তা বা এইচবিবি (ইটের) রাস্তা নির্মাণ করা হয়, তবে তাদের দুর্ভোগ অনেকটাই লাঘব হবে বলে দাবি তুলছেন এলাকাবাসী। যাতে তারা সহজেই তাদের উৎপাদিত পণ্য এবং রোগীদের রাঙামাটি শহরে নিয়ে যেতে পারবে।
বিগত দিনগুলোতেও এমন যাতায়াত সংকটের কারণে অনেক মুমূর্ষু রোগী সঠিক সময়ে হাসপাতালে পৌঁছাতে না পেরে পথেই প্রাণ হারিয়েছে বলে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছে।
ইতোপূর্বে এই মানবিক সংকট নিরসনে টেকসই সড়ক নির্মাণে স্থানীয়রা দাবি জানিয়ে আসলেও এ বিষয়ে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কিংবা রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ কোনো উদ্যোগ গ্রহণ করেনি। স্থানীয়রা এসব কর্তৃপক্ষের জরুরি ভিত্তিতে হস্তক্ষেপ চাইছে।















