রাতে ঢাকা ছাড়লেন মির্জা ফখরুল


চীন সরকারের আমন্ত্রণে ঢাকা ত্যাগ করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার ও সমবায় পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (১৯ এপ্রিল) রাত ১০টা ১০ মিনিটে চায়না এয়ারের একটি ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, রওনা হওয়ার আগে বিমানবন্দরে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মির্জা ফখরুলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাকে বিদায় জানান।
সফরসঙ্গী হিসেবে তার সহকারী একান্ত সচিব ইউনুস আলীও রয়েছেন।
এর আগে, ১৫ এপ্রিল বিএনপির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করে। ওই দলে বিএনপির একাধিক জ্যেষ্ঠ নেতা রয়েছেন এবং তারা চীনের বিভিন্ন রাজনৈতিক ও কূটনৈতিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপির এই সফর দুই দেশের রাজনৈতিক যোগাযোগ ও ভবিষ্যৎ কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখতে পারে।
















