রামগড়ে ঢিলেঢালাভাবে শেষ হল ডিজিটাল মেলা
রামগড় সংবাদদাতা :
রামগড়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে ঢিলেঢালাভাবে সম্পন্ন করা হয়েছে ডিজিটাল মেলা। তিনদিন ব্যাপী এ মেলা অনুষ্ঠানের কথা থাকলেও দুইদিনের মাথায় আজ বুধবার এ মেলা সমাপ্ত করা হয়েছে। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে প্রধানমন্ত্রীর গৃহিত কর্মসূচির অংশ হিসাবে সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে ডিজিটাল মেলা আয়োজনের সরকারি সিদ্ধান্ত হয়। সরকারি এ কর্মসূচি বাস্তবায়নের জন্য রামগড় উপজেলায় ৩০ এপ্রিল উপজেলা নির্বাহি অফিসার আমিনুল ইসলামের সভাপতিত্বে ডিজিটাল মেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
ঐ সভায় রামগড়ে ৬,৭ ও ৮ মে তিনদিন ব্যাপী ডিজিটাল মেলা অনুষ্ঠানের কর্মসূচি গ্রহণ করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী ৬ মে রামগড় উপজেলা অডিটরিয়ামের এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহি অফিসার। অডিটরিয়ামের ভিতরে কাপড় টাঙিয়ে ১০টি স্টল তৈরী করা হয়।
এতে রামগড়ের তিনটি ইউনিয়ন পরিষদের তথ্য সেবা কেন্দ্র, রামগড় সরকারি কলেজ, রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়, বালিকা উচ্চ বিদ্যালয় ও রামগড় মাদ্রাসার পক্ষ থেকে কম্পিউটার ও ল্যাপটপ সাজিয়ে ৭টি স্টল চালু করা হয়।
আজ বুধবার মেলা পরিদর্শনকালে কোন দর্শণার্থীকে দেখা যায়নি। স্টলগুলোর কোন কোনটিতে স্কুল কলেজের ছাত্ররা বসে বসে কম্পিউটারে হিন্দি ছায়াছবি দেখে সময় কাটাতে দেখা গেছে। এদের কয়েকজন জানান, স্টলে কম্পিউটার বা ল্যাপটপ পাহারা দেয়া ছাড়া তাদের কোন কাজ নেই। এ মেলা ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে কি ভুমিকা রাখবে আমরা নিজেরাই বলতে পারছিনা।
রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের স্টলের দায়িত্বে থাকা এক শিক্ষক বলেন, বদ্ধ ঘরের এ মেলার খবর সাধারণ মানুষ জানেই না। তিনি বলেন, স্কুল মাঠ বা অন্য কোন খোলা মাঠে আয়োজন করলে মানুষ জানতো, আসতো।
এদিকে মেলা আগামীকাল ৮ মে শেষ হওয়ার সিদ্ধান্ত থাকলেও উপজেলা প্রশাসন আজ তড়িগড়ি করে মেলার সমাপ্তি করে। মেলা উদযাপন কমিটির সদস্য সচিব উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম সাইফুল হক জানান, উপজেলা নির্বাহি অফিসারের নিদের্শেই একদিন আগে মেলা সমাপ্ত করা হয়। তিনি বলেন, বিদ্যুতের লোডশেডিং ও জেনারেটরের সমস্যার কারণে মেলা শেষ করতে হয়েছে।


















