রামগড়ে সন্ত্রাসের প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন
বিএনপি-জামায়াতের লাগাতার অবরোধ, হরতাল ও পেট্রোলবোমা সন্ত্রাসের প্রতিবাদে রোববার রামগড়ে মানববন্ধন করেছে ব্যবসায়ীরা। রামগড় বাজারের উপকণ্ঠে খাগড়াছড়ী ফেনী সড়কের পাশে বেলা ১২ টা থেকে পনের মিনিট পর্যন্ত সারিবদ্ধভাবে দাঁড়িয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন শত শত ব্যবসায়ী।এসময় তারা হাতে জাতীয় পতাকা বহন করেন।
রামগড় বাজার পরিচালনা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে ব্যবসায়ী নেতা আবুল হাসেম খাঁ, আইয়ুব আলী, ছালেহ আহম্মদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান কাজী নুরুল আলম(আলমগীর)ছাড়াও মুক্তিযোদ্ধা, জন প্রতিনিধি, রাজনৈতিক-সামাজিক নেতৃবৃন্দ, ছাত্র, পরিবহন শ্রমিকসহ সর্বস্তরের মানুষ স্বত:স্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
পরে বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক আইয়ুব আলী সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে মানববন্ধন কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।

















