রামুতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল খেলা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি:
কক্সবাজারের রামুতে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্ট ২০১৫ এর ফাইনাল খেলা দু’টি বৃহস্পতিবার খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে।
বিকেলে উপজেলা শিক্ষা অফিসার মোঃ ছালামত উল্লাহ’র সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের রানার্সআপ ও চ্যাম্পিয়ন দলের মাঝে পুরস্কার বিতরণ করেন রামু উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলম।
তিনি বলেন, এই প্রতিযোগিতার মধ্য দিয়ে তৃণমূল থেকে ভালো খেলোয়াড় তৈরি হবে। তিনি আরো বলেন, শিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও নান্দনিক বিকাশে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব কম নয়। প্রতিযোগিতার মাধ্যমে শিশুদের সহিষ্ণুতা ও মনোবল বৃদ্ধি এবং পারস্পরিক শ্রদ্ধাবোধসহ প্রতিযোগী মনোভাব গড়ে তোলা সম্ভব। তিনি লেখাপড়ার পাশাপাশি ক্রীড়াশৈলীর চর্চা অব্যাহত রাখার পরামর্শ দিয়ে বলেন, খেলাধুলা শিক্ষারই একটা অংশ।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রামু উপজেলা আওয়ামীলীগ নেতা, বীর মুক্তিযোদ্ধা মাস্টার ফরিদ আহমদ, উপজেলা সহকারি শিক্ষা অফিসার সেলিমগীর হোসেন ও শিবলু দাশ, আওয়ামীলীগ নেতা মাসুদুর রহমান মাসুদ, জোয়ারিয়ানালা ঘোনার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছৈয়দ নজরুল ইসলাম, জোয়ারিয়ানালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন, রামু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিল্পী বড়ুয়া প্রমুখ।
এদিকে ফাইনাল খেলার নির্ধারিত সময়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে (বালক) রামু সরকারি প্রাথমিক বিদ্যালয় দল এবং টাইব্রেকারে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে (বালিকা) ঈদগড় সরকারি প্রাথমিক বিদ্যালয় দল চ্যাম্পিয়ন হয়।
ফাইনাল খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে রামু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র রিয়াদুল করিম মাহিন শ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন।
এদিকে রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত থেকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলা দু’টি উপভোগ করেন।


















