রেমাক্রী খুমে দুই ইঞ্জিন চালিত নৌকার সংঘর্ষে চালকের মৃত্যু


বান্দরবানের থানচি উপজেলার দুর্গম রেমাক্রী খালের মুখে শংঙ্খ নদের দুই ইঞ্জিন চালিত নৌকার মুখোমুখি সংঘর্ষে এক নৌকা চালক ঘটনাস্থলে নিহত হয়েছেন। নিহত চালক রেমাক্রী ইউনিয়নের ৩নং ওয়ার্ডে কলাপাড়া বাসিন্দা প্রয়াত পাইসাথোয়াই মারমার সন্তান শৈসাইমং মারমা প্রকাশ উশৈওয়ান ৩৫।
বৃহস্পতিবার ২৬ নভেম্বর সন্ধ্যা ৬টার সময় এ দুর্ঘটনা ঘটে। নদীপথে পরিবহন চলাচলের ব্যস্ত সময়ে হঠাৎ এই সংঘর্ষে স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
থানচি থানা ওসি নাছির উদ্দিন মজুমদার পার্বত্যনিউজকে জানান, দুর্গম রেমাক্রী ইউনিয়নের মোবাইল নেটওয়ার্ক নেই। আমরা বিজিবির মাধ্যমে ঘটনাটি জেনেছি। আগামীকাল বৃহস্পতিবার বিস্তারিত জানাতে পারব।
মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহত শৈসাইমং মারমার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে রেমাক্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুইশৈথুই মারমা রনি গভীর শোক প্রকাশ করেছেন।
















