লক্ষ্মীছড়িতে মুখোশধারী সন্ত্রাসী কর্তৃক বাড়িতে ঢুকে ৭০ হাজার টাকা ও স্বর্ণালংকার লুট
স্টাফ রিপোর্টার লক্ষ্মীছড়ি:
খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় মুখোশধারী সন্ত্রাসী কর্তৃক রাতের অন্ধকারে বাড়িতে ঢুকে টাকা লুট করে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। ১৪ জুন শনিবার রাতে মগাইছড়ি নামক এলাকায় এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে লক্ষ্মীছড়ি থানায় একটি সাধারণ ডাইরী রুজু করা হয়েছে। জানা যায়, রাত আনুমানিক ১১টার পর একদল মুখোশধারী সন্ত্রাসী অস্ত্রশস্ত্র নিয়ে ঘরে ঢুকে বাড়ির মালিক লোকমান হাকিমকে জোর করে ঘর থেকে বাহিরে এনে মাথায় পিস্তল ঠেকিয়ে রাখে এবং তার স্ত্রী আসমা আক্তার(৩৬)কেও একই কায়দায় পিস্তল ঠেকিয়ে ঘর থেকে নগদ ৭০হাজার টাকা ৪ভরি স্বর্ণালংকার ও ৭ ভরি রুপা নিয়ে চলে যায়।
এসময় অস্ত্রধারীরা ঘরের মালিক লোকমান হাকিমকে চোখে আঘাত করলে সে অজ্ঞান হয়ে পড়ে। বাড়ির মালিক ও পরিবারের সদস্যরা অবশ্য কাউকে চিনতে পারে নি। দেশীয় তৈরী ছুরি, ধারাল দা, লাঠি এবং বেশ কয়েকটি পিস্তল দেখেছে সন্ত্রাসীদের কাছে। লক্ষ্মীছড়ি-মানিকছড়ি সড়কে উপজেলা সদর থেকে ৮কি: মি: দুরে এই এলাকার অবস্থান। অনেকটা ফাঁকা জায়গায় একাকী বসবাস করেন ঘরের মালিক লোকমান হাকিম। এ ঘটনায় এলাকার অন্যান্য পরিবারেও আতংক বিরাজ করছে।
ঘটনার বিবরণ উল্লেখ করে লোকমান হাকিমের শশুর আব্দুল আজিজ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। অসুস্থতার কারণে স্বশরীরে আব্দুল লোকমান হাকিম থানায় আসতে পারে নি বলে জানান, তার শ্যালক মো: হাবিবুর রহমান এ প্রতিনিধিকে জানান।
লক্ষ্মীছড়ি থানার এস.আই বাহার মিয়া জানান, এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। সোমবার সকালে ঘটনাস্থলে গিয়ে সরেজমিনে তদন্ত করবেন বলে জানান। লক্ষ্মীছড়ি থানার নবাগত অফিসার্স ইনচার্জ রতন দাশ জানান, ঘটনাটি শুনেছি, বিষয়টি তদন্ত করে ব্যাবস্থা নেয়া হবে।



















