কেন্দ্রীয় যুবদলের প্রতি নিন্দা জ্ঞাপন করেছেন খাগড়াছড়ি জেলা বিএনপি’র সাধারন সম্পাদক
খাগড়াছড়ি প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির প্রতি নিন্দা জ্ঞাপন করেছেন খাগড়াছড়ি জেলা বিএনপি’র সাধারন সম্পাদক ও মাটিরাঙ্গা পৌরসভার মেয়র আবু ইউসুফ চৌধুরী।
শনিবার সকাল থেকে খাগড়াছড়ি জেলা বিএনপি’র কার্যালয়ে সিনি: সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাক্মার সভাপতিত্বে খাগড়াছড়ি জেলা বিএনপি’র কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে শুরু হওয়া মাসব্যাপী বিশেষ সাংগঠনিক সভায় তিনি এ নিন্দা জ্ঞাপন করেন।
তিনি বলেন, খাগড়াছড়ি যুবদল কমিটি অনুমোদনের জন্য একাধিকবার প্রচেষ্টা চালালেও যুবদলের কেন্দ্রীয় কমিটি খাগড়াছড়ি জেলা যুবদলকে কমিটিকে অনুমোদন দিতে গড়িমসি করছে। এ ব্যাপারে খাগড়াছড়ি জেলা বিএনপি সভার কার্যবিবরণীতে কেন্দ্রীয় যুব কমিটির প্রতি নিন্দা জ্ঞাপন করে খাগড়াছড়ি জেলা যুবদল কমিটি অনুমোদনের লক্ষ্যে চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বরাবর সভার কার্য বিবরণী পাঠাবেন বলে সভায় জানান।
সাংগঠনিক সভায় বক্তব্য রাখেন অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মিল্লাত, সহ-সভাপতি কংচাইরী মাস্টার, যুগ্ম-সম্পাদক তাজুল ইসলাম বাদল, জেলা যুবদলের সভাপতি দাউদ-উল-ইসলাম ভূঁইয়া, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ও কাউন্সিলর মো: শাহ আলম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল ও মহিলা দলের সভানেত্রী শাহনাজ বেগম রোজি, মাটিরাঙ্গা পৌর বিএনপি নেতা বাদশা মিয়া প্রমূখ। বিশেষ সাংগঠনিক সভায় জেলা বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও জেলার অংগ ও সহযোগী সংগঠন এবং ৯ উপজেলার বিএনপি’র সভাপতি ও সাধারন সম্পাদকও সাংগঠনিক সম্পাদকরা উপস্থিত ছিলেন।
জেলা বিএনপি’র সাধারন সম্পাদক আবু ইউসুফ চৌধুরীর পূর্বে জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তার বক্তব্যে দু:খ প্রকাশ করে জেলা বিএনপি সিনিয়র নেতাকর্মীর দৃষ্টি আকর্ষন করে বলেন, দীর্ঘদিন যাবত কেন্দ্রীয় যুবদল খাগড়াছড়ি জেলা যুবদল কমিটিকে অনুমোদন না দেওয়ায় জেলা যুবদল উপজেলা, পৌর সহ ইউনিয়ন এবং ওয়ার্ড কমিটিগুলোকে লিখিত অনুমোদন দিতে না পারায় সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় চরম ব্যাঘাত ঘটছে।
এছাড়া জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি এস. এম আবু তাহের বলেন, দল ক্ষমতায় থাকা অবস্থায় বিএনপি নেতা আ: সালাম সামান্য একজন আনসার ভিডিপি’র সদস্য হয়েও ক্ষমতার অপব্যাহারের মাধ্যমে তৎসময়ে কোটি কোটি টাকার মালিক বনে আজ সমীরণ গ্ররুপে গিয়ে জেলা বিএনপি’র বিরোধিতায় লিপ্ত রয়েছে। তিনি এ গ্ররুপের একাধিক ব্যক্তির বিরুদ্ধে সমালোচনা করেন। খাগড়াছড়ি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মিল্লাত জানান, এ সভা মাসব্যাপী চলবে। পর্যায়ক্রমে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল কমিটির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, এ রিপোর্ট লেখা পর্যন্ত জেলা বিএনপি’র সভাপতি ওয়াদুদ ভূইয়ার টেলিকন্ফারেন্সের বক্তব্যের অংশ তুলে ধরা সম্ভব হয়নি।


















