শহীদ ওয়াসিমের পরিবারকে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র প্রদান

fec-image

কক্সবাজারের পেকুয়ায় জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ এর চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১৩ জুন) বিকেল ৪টার দিকে পেকুয়া সদর ইউনিয়নের মেহেরনামা এলাকার মুরারপাড়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত ও বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় তিনি পরিবারের খোঁজখবর নেন।

প্রধানমন্ত্রী শহীদ ওয়াসিমের কবরের সামনে দাঁড়িয়ে ফাতেহা পাঠ করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। পরে তিনি শহীদ পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং রাষ্ট্রের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ ওয়াসিমের পিতা শফিউল আলম ও মাতা জোসনা আক্তারের হাতে সরকারের পক্ষ থেকে ২০ লাখ টাকার পারিবারিক সঞ্চয়পত্র তুলে দেন।

এ সময় তিনি বলেন, দেশের গণতান্ত্রিক আন্দোলনে আত্মোৎসর্গকারী শহীদ ওয়াসিমের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। শহীদ পরিবারের কল্যাণ ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সবসময় তাদের পাশে থাকবে।

প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জোবাইদা রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ মন্ত্রী পরিষদের একাধিক সদস্য, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে মেহেরনামা এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা শহিদ পরিবারের প্রতি প্রধানমন্ত্রীর এই সম্মান ও সহমর্মিতাকে মানবিক ও প্রশংসনীয় উদ্যোগ হিসেবে অভিহিত করেন।

উল্লেখ্য, জুলাই আন্দোলনে শহীদ হওয়া ওয়াসিমের আত্মত্যাগের স্বীকৃতি হিসেবে তাঁর পরিবারের পাশে দাঁড়াতে সরকার বিভিন্ন সহায়তা কার্যক্রম গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমান সরাসরি শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন এবং ভবিষ্যতেও প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: প্রধানমন্ত্রী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন