শাকিব খানের নায়িকা হওয়া নিয়ে যা বললেন কলকাতার শর্বরী দাস


কলকাতার সিরিয়ালের দর্শকপ্রিয় অভিনেত্রী শর্বরী দাস। নতুন এ নায়িকার শোবিজ অঙ্গনে পথচলার শুরু ২০১১ সালে। একাধিক বিজ্ঞাপন ও টিভি সিরিয়ালে কাজ করেছেন তিনি। সম্প্রতি হিন্দি ওয়েবসিরিজ ‘পার্সো’-তে প্রধান চরিত্রে অভিনয় করে প্রশংসাও পেয়েছেন। এবার ঢালিউড অন্দরমহলের খবর, শাকিব খানের ‘অভিনেতা’ নামের একটি সিনেমায় নায়িকা হয়ে আসছেন দর্শকপ্রিয় এই অভিনেত্রী। এ জন্য ইতোমধ্যে ঢাকায় চলে এসেছেন তিনি।
তবে এই খবর উড়িয়ে দিলেন শর্বরী। জানালেন, কেবলমাত্র বেড়ানোর জন্যই লাল-সবুজের দেশটিতে এসেছেন তিনি।
শর্বরী বলেন, ‘সিনেমাটির বিষয় আমি সংবাদ মাধ্যমে জেনেছি। কিন্তু আমার সঙ্গে এই প্রজেক্ট নিয়ে কেউ কোনো কথা বলেনি। যদি এর সঙ্গে থাকতে পারি তাহলে আমারই ভালো লাগবে।’
তিনি আরও বলেন, ‘কোনো কাজে নয়, ব্যক্তিগত সফরে এবার ঢাকায় এসেছি। এই নিয়ে তৃতীয়বার ঢাকায় আসলাম। গত জুন ও আগস্ট মাসেও আমি এসেছিলাম বেশ কিছু কাজের জন্য। এবার এখানে কিছুদিন থাকব, শহরটা ঘুরে দেখব এরপর আবার কলকাতায় চলে যাব। এরমধ্যে যদি কোনো কাজের প্রস্তাব আসে তাহলে সেটা করা হতে পারে।’
তিনি জানান, তার মায়ের বাড়ি খুলনায়। আর বাবার বাড়ি পশ্চিমবঙ্গে। সেই সুবাদে বাংলাদেশের প্রতি টান অনুভব করেন এ অভিনেত্রী।
যদিও শর্বরীর কথায় কিছুটা রহস্য খুঁজে পাওয়া গেল। বোঝা যাচ্ছে, তিনি হয়ত কিছু লুকাচ্ছেন। আসলে সিনেমার আনুষ্ঠানিক ঘোষণার আগে মুখ খোলার নিয়ম নেই তারকাদের। চমক দিতেই পরিচালক-প্রযোজকের এমন নির্দেশনা থাকে তাদের প্রতি।
আজ সোমবার রাজধানীর একটি রেস্তোরাঁয় ‘অভিনেতা’ সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। এ পর্যন্ত পাওয়া তথ্যে জানা গেছে, এটি পরিচালনা করবেন রায়হান রাফী। আর প্রযোজনা করবে বাংলাদেশের আলফাই আই, চরকি এবং কলকাতার এসভিএফ। শর্বরী এই ছবিতে অভিনয় করবেন কিনা—সেটা জানতে অপেক্ষা করতে হবে আর মাত্র কয়েক ঘণ্টা।
এদিকে শর্বরীকে তেমন একটা পছন্দ করছেন না শাকিব খানের ভক্তরা। বিভিন্ন ফেসবুক গ্রুপে এ নিয়ে মনের কথা লিখে জানাচ্ছেন। তারা এর থেকে গ্ল্যামারাস নায়িকা চাইছেন। এর আগে ‘প্রিয়তমা’ ছবিতে ইধিকা পালের ক্ষেত্রেও এমনটা হয়েছিল। যদিও তিনি অভিনয় দিয়ে উতরে যান।
২০১১ সালে টেলিভিশন সিরিয়ালে অভিনয়ের মধ্যে দিয়ে অভিনয় শুরু করেন শর্বরী। ‘সতী’, ‘রাশি’ ও ‘অগ্নিপরীক্ষা’ মতো কিছু সিরিয়াল তাকে কিছুটা পরিচিতি এনে দেয়।

















