সেন্টমার্টিনে মিয়ানমারের তৎপরতা সমস্যা তৈরি করেছে: মির্জা ফখরুল


বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সেন্টমার্টিনে মিয়ানমারের তৎপরতা সমস্যা তৈরি করেছে, যার কারণে সেন্ট মার্টিনে জাহাজ যেতে পারছে না, খাদ্য যেতে পারছে না। সেখানকার জনগণ অত্যন্ত কষ্টের মধ্যে দিন যাপন করছে। নিরাপত্তাহীনতায় ভুগছে।
সোমবার (১৭ জুন) সকালে ঠাকুরগাঁওয়ের নিজ বাসভবনে ঈদের জামাত শেষে সাংবাদিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের সময় এসব কথা বলেন বিএনপি মহাসচিব ।
সেন্টমার্টিনের বিষয়টিকে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গুজব বলেছেন-এ বিষয়ে তার দৃষ্টি আকর্ষণ করা হলে মির্জা ফখরুল বলেন, ওবায়দুল কাদেরের কথার জবাব দিতে রুচিতে বাধে। ক্ষমতায় যারা আছেন তারা সত্যকে উপলব্ধি করতে না পারেন, গণমানুষের আকাঙ্ক্ষাকে না বোঝেন—তাহলে কীভাবে শাসক হবেন? দেড় যুগ ধরে আওয়ামী লীগের শাসনামলে আমরা দেখছি, জনগণের আশা আকাঙ্ক্ষাকে পদদলিত করে দিয়ে, গণতন্ত্রকে পদদলিত করে দিয়ে, এক দলীয় শাসন ব্যবস্থা চালু রেখেছে।’
বিএনপির মহাসচিব আরও বলেন ‘বিএনপি সব সময় সংলাপের পক্ষে ছিল কিন্তু সংলাপের উদ্যোগ নেওয়ার মানুষ নেই। বিএনপিসহ ৬৩টি দল দাবি করেছে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের। দলীয় সরকার থাকলে নির্বাচন কখনোই সুষ্ঠ হবে না।’
এ সময় মির্জা ফখরুল দেশের জনগণকে ঈদুল আজহার শুভেচ্ছা জানান এবং কামনা করেন—এই ঈদে কোরবানির মধ্য দিয়ে যারা দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত আছেন, তারা তা ত্যাগ করবেন।
কোরবানির মধ্য দিয়ে দুর্নীতিতে যারা আকণ্ঠ নিমজ্জিত আছেন, তারা তা ত্যাগ করবেন বলে প্রত্যাশা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
একইসঙ্গে তিনি বলেছেন, দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে দেশের জনগণ ঈদের আনন্দ উপভোগ করতে পারছে না। সরকারের দুর্নীতি ও দখলদারিত্বের কারণে মানুষ কোরবানির পশু কিনতে পারছে না, এমনকি যারা মাংস সংগ্রহ করে মসলার দামের জন্য তারা তা রান্নাও করতে পারছে না।
এসময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, উপজেলা বিএনপির সভাপতি মহিবুল্লাহ আবু নুরসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

















