বেসামরিক স্থাপনায় হামলা হলে ‘আরও বেশি বিধ্বংসী’ পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর হুমকির জবাবে ইরান ‘আরও বেশি বিধ্বংসী’ পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে।
সোমবার (৬ এপ্রিল) ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ড জানায়, দেশটির বেসামরিক স্থাপনায় আবারও হামলা হলে কঠোর ও ব্যাপক প্রতিশোধ নেওয়া হবে। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি-এর প্রকাশিত এক বিবৃতিতে খাতাম আল-আমবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের এক মুখপাত্র এ সতর্কবার্তা দেন।
এর আগে রাজধানী তেহরান-এর একটি বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনা ঘটে। এতে শহরের কিছু এলাকায় গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। স্থানীয় কর্মকর্তাদের বরাতে আইআরআইবি জানায় শরিফ বিশ্ববিদ্যালয়ের-এর গ্যাস স্টেশনে হামলার ফলে এ বিঘ্ন ঘটে।
পূর্বে ট্রাম্প ইরানের বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলার হুমকি দেন। একই সঙ্গে তিনি হরমুজ পুনরায় খুলে দিতে তেহরানকে চুক্তিতে সম্মত হওয়ার আহ্বান জানান। এর পরিপ্রেক্ষিতে ইরানও পাল্টা সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দেয়।

















