জোর আপত্তির পরও উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানের দায়িত্বে নববিক্রম কিশোর ত্রিপুরা
স্টাফ রিপোর্টার, পার্বত্যনিউজ :
অবশেষে বিভিন্ন মহলের জোর আপত্তির পরও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও সাবেক পুলিশ কর্মকর্তা নব বিক্রম কিশোর ত্রিপুরাকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে। তিনি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান (সদ্য পদত্যাগ করা) বীর বাহাদুরের স্থলাভিষিক্ত হলেন। আজ বৃহস্পতিবার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব নাজনীন ওয়ারেস সাক্ষরিত এক পত্রে পূর্বের চেয়ারম্যান বীর বাহাদুরের পদত্যাগজনিত শূণ্যতাপূরণে পরবর্তী চেয়ারম্যান নিয়োগ না হওয়া পর্যন্ত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের সচিবকে এই দায়িত্ব প্রদান করা হয়।
এ নিয়োগ প্রক্রিয়া নিয়ে পার্বত্যনিউজে গত ১১ ডিসেম্বর একটি প্রতিবেদন প্রকাশিত হলে বিভিন্ন মহলে তোলপাড় শুরু হয়। তখন অনেকেই এ রিপোর্টের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছিল। আজ প্রমাণিত হলো পার্বত্যনিউজের রিপোর্টটি সঠিক ছিল।
পুলিশের সাবেক এ কর্মকর্তা এখন থেকে পরবর্তী চেয়ারম্যান নিয়োগ না হওয়া পর্যন্ত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্বও পালন করবেন। প্রসঙ্গত, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও পার্বত্য বান্দরবান সংসদীয় আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য বীর বাহাদুর উশৈ সিং দশম জাতীয় নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেয়ার কারণে সম্প্রতি উন্নয়ন বোর্ড চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন। এবং তার পদত্যাগের পর থেকেই চেয়ারম্যান পদটি শূণ্য রয়েছে।
Facebook Comment



















