পানছড়িতে বাল্য বিয়ে: বর ও কনের পিতার ছয় মাসের সাজা


পানছড়িতে বাল্য বিয়ের অভিযোগে বর ও কনের পিতাকে ছয় মাসের সাজা প্রদান করে জেল হাজতে পাঠিয়েছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিট্টেট ও পানছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তৌহিদুল ইসলাম সোমবার (২৮ অক্টোবর) এ সাজা প্রদান করেন।
জানা যায়, উপজেলার মধ্যনগর গ্রামের নজরুল ইসলামের ছেলে খোরশেদ আলমের সাথে একই গ্রামের আইয়ুব আলীর কন্যা আছিয়া খাতুনের বিয়ের কাজ ইতিমধ্যে সম্পন্ন করে।
বিশ্বস্থ সুত্রের মাধ্যমে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিট্টেট জানতে পারে তারা দুজন মধ্যনগর মাদ্রাসায় ৬ষ্ট ও অষ্টম শ্রেণীতে পড়ুয়া। তাদের অভিভাবকদের নির্বাহী ম্যাজিট্ট্রেটের আদালতে এনে কাগজপত্র যাচাইকালে ঘটনার সত্যতা মিলে।
মাদ্রাসার ভর্তি রেজিষ্টার অনুযায়ী তাদের বয়স যথাক্রমে চৌদ্দ ও ষোল বছর। পরে অভিভাবকদ্বয়কে ছয় মাসের সাজা প্রদান করে পানছড়ি থানা পুলিশের হাতে তুলে দেয়।
পানছড়ি থানার ডিউটি অফিসার এএসআই খুশী রাম জানান, দু জনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

















