বান্দরবানে পাহাড়ি অস্ত্রধারী সশস্ত্র সন্ত্রাসী কর্তৃক দিনমজুর অপহরণ


বান্দরবানে পাহাড়ি অস্ত্রধারী সশস্ত্র সন্ত্রাসীর কর্তৃক এক দিনমজুর অপহরণের ঘটনা ঘটেছে। অপহৃত ব্যক্তির নাম মো. সৈয়দ আলম (২৮) পিতা-রফিকুল ইসলাম, সে সিকদার পাড়া (১নং ওয়ার্ড) সুয়ালক, বান্দরবানের বাসিন্দা।
বান্দরবান জেলা সদরাধীন সুয়ালক ইউনিয়নের সুলতান পুর বিশারীখোলা থেকে ২ কিলোমিটার দক্ষিনে বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে অপহরনের এ ঘটনা ঘটে। কিন্তু সারা দিনের মধ্যে অপহরণকৃত ব্যক্তিকে খুঁজে না পাওয়ায় ঘটনাটি সন্ধ্যার মধ্যে চারিদিকে ছড়িয়ে পড়ে এবং জনগণের মাঝে আতঙ্ক তৈরি হয়।
স্থানীয় সূত্রে জানাযায়, বান্দরবান জেলা সদরাধীন সুয়ালক ইউনিয়নের ৩১৪ নং মৌজার সুলতান পুর বিশারীখোলা থেকে ২ কিলোমিটার দক্ষিনে লেবার সর্দার সাগর আলমের নেতৃত্বে ১০ জন লেবার পাহাড়ে লাকড়ি কাটতে গেলে দিনমজুর মো. সৈয়দ আলমকে অজ্ঞাত পাহাড়ি ১০ সদস্য বিশিষ্ট একদল সশস্ত্র সন্ত্রাসীরা ডেকে নিয়ে যায়।
সশস্ত্র সন্ত্রাসীর ভয়ে উপস্থিত সঙ্গীয় বাকি ৯ জন ওইস্থান থেকে পালিয়ে আসে। এরপর থেকে মো. সৈয়দ আলমের কোন প্রকার খোঁজ খবর পাওয়া যাচ্ছে না।
বান্দরবান জেলা সদরাধীন সুয়ালক ইউনিয়ন পরিষদ সদস্য মো. ছবুর সত্যতা নিশ্চিত করে জানান, লেবার সর্দার সাগর আলমকে সিকদার পাড়া থেকে চাঁদা দেওয়ার জন্য দেখা করতে বলেছিল সন্ত্রাসীরা, কিন্তু লেবার সর্দার দেখা না করলে সন্ত্রাসী দলটি লেবারদের ডাকে। তখন সন্ত্রাসীদের কাছে অস্ত্র দেখে ভয়ে ৯ জন লেবার পালিয়ে আসতে সক্ষম হলেও একজনকে তারা অপহরণ করে নিয়ে যায়।
সূত্রে জানা যায় বর্তমানে নিরাপত্তা বাহিনী কর্তৃক সৈয়দ আলমকে উদ্ধারের জন্য তল্লাসি আভিযান চলছে।তবে থানায় এনিয়ে কোন প্রকার অভিযোগ করা হয়নি।
বান্দরবান সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম চৌধুরী জানান, অপহরণের বিষয়ে এখনো পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে আমরা আইনগত ব্যবস্থা নিব এবং অপহৃত ব্যক্তিকে উদ্ধারের জন্য সর্বাত্মক চেষ্টা করব।

















