চীন ও ভারত সফরে গেলেন সেনাপ্রধান


১৯তম এশিয়ান গেমসের উদ্বোধন এবং ইন্দো-প্যাসিফিক আর্মিস চিফস কনক্লেভ (আইপিএসি) সম্মেলনে অংশ নিতে চীন ও ভারতের উদ্দেশ্যে রওনা হয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে আগামী ২৩ সেপ্টেম্বর চীনের হ্যাংজো শহরে অনুষ্ঠিত হতে যাওয়া ১৯তম এশিয়ান গেমসের উদ্বোধনসহ বিভিন্ন গেমস অ্যান্ড স্পোর্টস ইভেন্ট পর্যবেক্ষণ করবেন সেনাবাহিনী প্রধান।
এছাড়া সেনাপ্রধান বিভিন্ন দেশের ন্যাশনাল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও মহাসচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
আইএসপিআর আরও জানায়, চীন সফর শেষে ভারতীয় সেনাবাহিনী প্রধানের আমন্ত্রণে জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ২৫-২৭ সেপ্টেম্বর ভারতের দিল্লিতে ইন্দো-প্যাসিফিক আর্মিস চিফস কনক্লেভ (আইপিএসি) সম্মেলনে অংশ নেবেন। এ সম্মেলনের লক্ষ্য বন্ধুভাবাপন্ন দেশসমূহের স্থলবাহিনীগুলোর মধ্যে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে পারস্পরিক আস্থার পরিবেশ সৃষ্টি করা, পেশাদার সম্পর্ক উন্নয়ন এবং আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা।
এছাড়া এই সম্মেলনে বিভিন্ন বন্ধুপ্রতিম দেশের সেনাপ্রধান পর্যায়ের সামরিক কর্মকর্তারা পারস্পরিক বৈঠকে অংশগ্রহণপূর্বক নিজেদের মধ্যে প্রশিক্ষণ সহযোগিতাকে জোরদার করার ক্ষেত্রে সম্মিলিতভাবে কাজ করার ব্যাপারে আলোচনা করবেন বলে আইএসপিআর জানিয়েছে।

















