রাজস্থলীতে ৫০ লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ দুই বোন আটক


রাঙামাটির কাপ্তাই থানা পুলিশ এর অভিযানে দেশীয় তৈরী ৫০ লিটার চোলাই মদসহ ২ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ মে) সন্ধ্যা ৬ টার দিকে বাঙ্গালহালিয়া টু চন্দ্রঘোনা ফেরীঘাটগামী পাঁকা রাস্তা সংলগ্ন শ্রী শ্রী রাম ঠাকুর আশ্রমের সামনে হতে তাদেরকে আটক করা হয়।
চন্দ্রঘোনা থানার ওসি আনছারুল করিম এই তথ্য নিশ্চিত করেন।
আটককৃতরা হলেন- আপন দুই বোন লাভলী বেগম (২৯) এবং তাঁর ছোট বোন মোছা. মুন্নি বেগম (১৬)। তাঁরা উভয়ই বান্দরবান জেলার আলিকদম উপজেলার নয়াপাড়া ৬ নং ওয়ার্ডের আবুল কালামের কন্যা।
ওসি আনছারুল করিম জানান, বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে থানার এস আই মকবুল হোসেন এবং সঙ্গীয় অফিসার ও পুলিশ সদস্যরা রাজস্থলী উপজেলার ৩ নং বাঙ্গালহালিয়া ইউপির ডাকবাংলা সাকিনস্থ বাঙ্গালহালিয়া টু চন্দ্রঘোনা ফেরীঘাটগামী পাঁকা রাস্তা সংলগ্ন শ্রী শ্রী রাম ঠাকুর আশ্রমরে সামনে হতে তাদেরকে আটক করেন।
এসময় শরীরে স্কচটেপ টিয়ে বিশেষ কায়দায় বাধা থাকা অবস্থায় নারী পুলিশের সহায়তায় দেহ তল্লাশি করে তাদের থেকে ৫০ লিটার দেশীয় তৈরী চোলাইমদ উদ্ধার করা হয়।
ওসি বলেন, আটকের সময় লাভলী বেগম (২৯) এর সাথে ১১ মাস বয়সের ছেলে সন্তান মো. তাহেরকে মানবিক কারণে মায়ের সাথে থানায় নিয়ে আসা হয়, এছাড়া আইনের সহিত সংঘাতে জড়িত শিশু মোছা. মুন্নি বেগম (১৬) কেও আসামি করা হয়।
গ্রেফতারকৃত আসামি এবং আইনের সহিত সংঘাতে জড়িত শিশুর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে শুক্রবার (৩১ মে) রাঙামাটি বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানান।
















