মাটিরাঙ্গায় বাজার ফান্ড কর্মচারীর বিরুদ্ধে সরকারি জমি ও খাল দখলের অভিযোগ

fec-image

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সরকারি খাস জমি ও খাল দখল করে বাড়ি নির্মাণ করার অভিযোগ উঠেছে মো. বিল্লাল হোসেন নামে খাগড়াছড়ি বাজার ফান্ডের এক কর্মচারীর বিরুদ্ধে।

উপজেলার বেলছড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের খলিল মেম্বারপাড়ায় এ ঘটনা ঘটে। বিল্লাল বেলছড়ি ২ নম্বর ওয়ার্ডের স্কুল টিলা এলাকার মৃত এরশাদ মিয়ার ছেলে।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, উপজেলার ৫ নম্বর বেলছড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের খলিল মেম্বারপাড়া ও ছনখলাপাড়া যাতায়াতের জন্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের অধীনে একটি নতুন ব্রিজ নির্মাণ করা হয়। সদ্য নির্মিত ব্রিজের উত্তর পাশে স্থানীয় কামাল হোসেন ও বিল্লাল হোসেন অবৈধভাবে দখল করে টিনের বেড়া দিয়ে রাস্তার জায়গা দখল করেছেন।

ব্রিজের দক্ষিণ-পশ্চিম পাশে প্রবাহমান প্রায় ৩ কিলোমিটার দৈর্ঘ্য ও ১৪ ফুট প্রস্থের একটি ছোট খাল ভরাট করে অনেকাংশ দখলে নিয়েছেন বিল্লাল। ফলে একদিকে এলাকার জনসাধারণ যাতায়াতে চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন, অন্যদিকে সরকারি জায়গা দখল হচ্ছে। তাই রাস্তার জায়গা পুনরুদ্ধার ও প্রবাহমান খাল দখলমুক্ত করতে সংশ্লিষ্ট বিভাগের প্রতি জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

স্থানীয় খলিলুর রহমান বলেন, ব্রিজ নির্মাণের কয়েকদিন পরই বিল্লাল ও তার ভাইয়েরা প্রথমে খাল এবং রাস্তার পাশের সরকারি খাস জায়গা দখল করে ঘর নির্মাণ করেছেন। যুগ যুগ ধরে ব্যবহৃত রাস্তা ও খাল দখল করে ফেলেছেন। একই সঙ্গে তার প্রতিবেশী কামাল হোসেনও রাস্তায় টিনের বেড়া দিয়েছেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করা হয়েছে বলে জানান তিনি।

অভিযুক্ত খাগড়াছড়ি বাজার ফান্ড কর্মচারী বিল্লাল অভিযোগের বিষয় স্বীকার করে জানান, “এ দেশে সবাই খাস জমি দখল করে বসবাস করে। আমি ৩০ শতক জমি ক্রয় করে বাড়ি করেছি। তবে কিছু খাস জমিও রয়েছে। প্রয়োজন হলে টিনের বেড়া সরিয়ে নেব।”

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বিষয়টি তিনি অবগত নন। সরেজমিনে পরিদর্শন সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: খাগড়াছড়ি, মাটিরাঙা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন