এসএসসি পরীক্ষার হলে ভালো শিক্ষার্থীদের বিরক্ত করছে দুর্বল শিক্ষার্থীরা


এসএসসি ও সমমানের পরীক্ষার হলে পাশের দুর্বল শিক্ষার্থীদের দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে ভালো শিক্ষার্থীরা। সরকারের কঠোর অবস্থানের কারণে নকল বন্ধ করা সম্ভব হলেও পার্শ্ববর্তী দুর্বল শিক্ষার্থীর ‘খোঁচাখুঁচি’ থেকে রেহাই পাচ্ছে না তারা। পরীক্ষার শুরুর দিন থেকেই এমন ‘বিরক্ত’র শিকার হতে হচ্ছে অসংখ্য শিক্ষার্থীকে। এতে পরীক্ষা কক্ষে ভালো শিক্ষার্থীদের মনোযোগ নষ্ট হওয়ার পাশাপাশি এক ধরনের মানসিক অশান্তি ও অস্থিরতা তৈরি হচ্ছে।
মাদারীপুর জেলার শিবচরের নন্দকুমার মডেল ইনস্টিটিউশন এসএসসি পরীক্ষা কেন্দ্রের একজন মেধাবী শিক্ষার্থী এবং ঢাকার মুরাদপুরে একটি কেন্দ্রের একজন মেধাবী শিক্ষার্থীর অভিভাবক জানিয়েছেন যে, ‘পাশের দুর্বল শিক্ষার্থীরা প্রশ্নের উত্তর জানার জন্য একাধিকবার কলম দিয়ে খোঁচা দেয়।’
এ ব্যাপারে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তারা এ প্রতিবেদককে জানান, ‘পরীক্ষার হলে যাতে কোনো শিক্ষার্থী ঘাড় ঘুরাতে না পারে এ ব্যাপারে কঠোর নির্দেশনা দেয়া আছে। পরীক্ষার পূর্বে চেয়ারম্যান মহোদয়ের সাথে কেন্দ্র সচিবদের মতবিনিময় সভা হয়েছে, সেখানে বলে দেয়া হয়েছে যে, একটি স্টুডেন্টও ঘাড় ঘুরাতে পারবে না।’
তবে দুর্বল শিক্ষার্থীরা ঘাড় না ঘুরিয়েই পাশের কিংবা সামনের ভালো শিক্ষার্থীকে কলম দিয়ে খোঁচা দিয়ে দৃষ্টি আকর্ষণ করে অনেকটা নীরবে ভালো শিক্ষার্থীদের সর্বনাশ করছে। পাশের শিক্ষার্থীর সাথে ঝামেলা বা জটিলতা এড়াতে বেশিরভাগ ভালো শিক্ষার্থী নীরবে এই বিরক্ত সহ্য করছে বলে ভুক্তভোগীরা জানিয়েছে।
তবে পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তারা বলেছেন, খোঁচাখুঁচির অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত শিক্ষার্থীকে বহিস্কার করার স্পষ্ট বিধান রয়েছে।

















