ঈদযাত্রায় ‘মৃত্যুর মিছিল’ শব্দ নিয়ে আমার আপত্তি আছে : সড়ক মন্ত্রী

fec-image

ঈদযাত্রায় দুর্ঘটনায় ‘মৃত্যুর মিছিল’ শব্দে আপত্তি জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, দুর্ঘটনা ঘটেছে। কোনো দুর্ঘটনাই কাম্য নয়। অনাকাঙ্ক্ষিতভাবেই ঘটছে। এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা রোধ করার চেষ্টাও সরকারের আছে।

বুধবার (২৭ মে) দুপুর সোয়া ১২টায় গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি।

রাজধানীর নতুন বাজার সংলগ্ন নর্দ্দা এলাকায় আজ (বুধবার) সকালে ইসলাম পরিবহনের বাসের ধাক্কায় আকাশ পরিবহনের বাসের চার যাত্রী নিহত ও ১০ জন আহত হয়েছেন। এবারের ঈদযাত্রায় ‘মৃত্যুর মিছিল’ দেখা যাচ্ছে। গত ঈদেও তাই ছিল। কিন্তু কোনোভাবেই কী এই দুর্ঘটনা রোধ করা যাচ্ছে না— জানতে চাইলে সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, ঈদযাত্রায় ‘মৃত্যুর মিছিল’ শব্দ নিয়ে আমার আপত্তি আছে। দুর্ঘটনা ঘটেছে। কোনো দুর্ঘটনাই কাম্য নয়। অনাকাঙ্ক্ষিতভাবেই ঘটছে। আপনারা জানেন, প্রতিদিন সব রুটে দেড় লাখের মতো যানবাহন চলাচল করছে। কোনো কোনো সময় অনাকাঙ্ক্ষিত কিছু দুর্ঘটনা ঘটে যায়।

তিনি বলেন, আমাদের হিসেবে প্রতিবছর দুর্ঘটনায় প্রায় চার হাজারের মতো মানুষ মারা যায়। এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা রোধ করার চেষ্টা কিন্তু আমাদের আছে। কোনো কোনো সময় ত্রুটিপূর্ণ যানবাহন বা ড্রাইভারের কারণে, কখনো কখনো যাত্রীদের অসচেতনতার কারণে এ ঘটনা ঘটে যায়। আমাদের চেষ্টা সত্ত্বেও কখনো কখনো দুর্ঘটনা ঘটে যায়। এজন্য মালিক, শ্রমিক ও যাত্রীদের সহযোগিতা দরকার রয়েছে। আমরা আশা করি, ড্রাইভাররা সুস্থভাবে গাড়ি চালাবেন। সচেতন, দক্ষ ও অভিজ্ঞ ড্রাইভারদের গাড়ি চালানোর কাজ দেওয়া হবে। আর গাড়িগুলো যেন ফিটনেসযুক্ত হয়।

এ সময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, জাতীয়তাবাদী শ্রমিক দল এবং সড়ক পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসসহ বিআরটিএ কর্মকর্তা, পরিবহন মালিক-শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ঈদুল আজহা, সরক পরিবহন মন্ত্রী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন