বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশকে তুলে ধরা সঞ্জয়ের জন্ম শ্রীমঙ্গলে


ফিফা বিশ্বকাপ ২০২৬-এর জমকালো উদ্বোধনী আয়োজনে বিশ্ব দরবারে বাংলাদেশকে তুলে ধরেছেন বাংলাদেশী বংশোদ্ভূত মার্কিন ডিজে ও সংগীতশিল্পী সঞ্জয় দেব। শ্রীমঙ্গলে জন্ম নেয়া সঞ্জয়ের শৈশব ও কৈশোর কেটেছে চট্টগ্রামে। পরবর্তীতে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।
স্থানীয় সময় শুক্রবার (১২ জুন) কানাডায় অনুষ্ঠিত এই আয়োজনে তিনি বলিউড তারকা নোরা ফাতেহি এবং ফরাসি পপশিল্পী ভেজিড্রিমের সঙ্গে ‘সির সির’ গানটি পরিবেশন করেন।
তবে উদ্বোধনী আয়োজনে সবচেয়ে বেশি নজর কাড়ে সঞ্জয়ের বিশেষভাবে নকশা করা স্যুট। তার পরনে থাকা ওই স্যুটে ফুটে ওঠে বাংলাদেশের জাতীয় প্রতীক রয়েল বেঙ্গল টাইগার, জাতীয় ফুল শাপলা এবং লাল-সবুজ পতাকার প্রতিচ্ছবি।
পারফরম্যান্স চলাকালীন সঞ্জয় বারবার তার স্যুটের হাতার নকশার দিকে ইশারা করেছিলেন। যা সামাজিক যোগাযোগমাধ্যমে তার এই দেশাত্মবোধক উপস্থাপনা ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
নিজের পারফরম্যান্সের একটি ভিডিও নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন সঞ্জয়। সেখানে তিনি লিখেছেন, ‘মাই পিপল, দিস ইজ জাস্ট দ্য স্টার্ট অব সামথিং বিউটিফুল।’

















