এইচএসসি পরীক্ষা : অভিভাবকদের ভোগান্তি কমাতে এলো নতুন নির্দেশনা

এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে বৃহস্পতিবার (২ জুলাই)। এ পরীক্ষাকে কেন্দ্র করে নতুন নির্দেশনা দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। নির্দেশনা অনুযায়ী পরীক্ষা পরীক্ষাকেন্দ্রের বাইরে অভিভাবকদের জন্য শেডসহ বসার ব্যবস্থা করতে বলা হয়েছে। একইসঙ্গে শৃঙ্খলা রক্ষায় স্কাউট বা বিএনসিসি নিয়োগের নির্দেশ দেওয়া হয়।
বৃহস্পতিবার ঢাকা শিক্ষাবোর্ড পরীক্ষা কেন্দ্রগুলোর ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এই নির্দেশনা দিয়েছে। ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর সই করা অফিস আদেশ শুক্রবার (৩ জুলাই) প্রকাশিত হয়।
এতে বলা হয়েছে, এইচএসসি পরীক্ষা ২০২৬ এর বিভিন্ন পরীক্ষাকেন্দ্র পরিদর্শনকালে লক্ষ্য করা গেছে, পরীক্ষার্থীদের অভিভাবকরা তাদের সন্তানদের কেন্দ্রের অভ্যন্তরে প্রবেশ করিয়ে দিয়ে কেন্দ্রের বাইরে দীর্ঘ সময় অবস্থান করেন। কিন্তু অধিকাংশ কেন্দ্রেই অভিভাবকদের জন্য কোনও নির্ধারিত অপেক্ষমান শেড বা বসার স্থান নেই। ফলে বৃষ্টি, রোদ কিংবা প্রতিকূল আবহাওয়ার মধ্যে তাদের কষ্টকর পরিবেশে অবস্থান করতে হয়।
নির্দেশনায় আরও বলা হয়, কেন্দ্রের বাইরে অভিভাবকদের অবস্থান ও চলাচল সুশৃঙ্খলভাবে নিয়ন্ত্রণের জন্য কোনও রোভার স্কাউট, গার্লস গাইড বা বিএনসিসি সদস্য নিয়োজিত না থাকায় অনেক ক্ষেত্রে অনাকাঙ্ক্ষিত ভিড়, বিশৃঙ্খলা এবং জনদুর্ভোগের সৃষ্টি হয়।
এ অবস্থায় পরীক্ষার্থীদের অভিভাবকদের সার্বিক সুবিধা ও কল্যাণের কথা বিবেচনা করে পরীক্ষাকেন্দ্রের বাইরে নিরাপদ ও উপযুক্ত স্থানে অপেক্ষমান শেডসহ বসার জন্য চেয়ার স্থাপন এবং কেন্দ্রের বাইরের শৃঙ্খলা ও জনসমাগম নিয়ন্ত্রণের লক্ষ্যে প্রয়োজনীয় সংখ্যক রোভার স্কাউট/গার্লস গাইড/বিএনসিসি সদস্য নিয়োগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।
















