পানছড়ির গোলাগুলি ও ৩ জন নিহত হবার ঘটনা জেএসএস’র অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ


খাগড়াছড়ির পানছড়িতে গুলিতে জেএসএস সন্তু গ্রুপের তিন সদস্য নিহত হওয়ার ঘটনাকে ইউপিডিএফ ও জেএসএস সন্তু গ্রুপের মধ্যে গোলাগুলি বলে কয়েকটি সংবাদ মাধ্যমে যে দাবি করা হয়েছে, তা ঠিক নয় বলে জানিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। ৬ জুলাই বিকেলে সংবাদ মাধ্যমে বিবৃতি পাঠিয়ে এ দাবি জানায় ইউপিডিএফ।
সংবাদ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমা জানান, জেএসএস সন্তু গ্রুপের মধ্যে সাধারণ কর্মীদের বিদ্রোহ থেকে এই ঘটনার উৎপত্তি হয়েছে। দলের ভেতরে বিভিন্ন অনিয়ম, বৈষম্য, দুর্নীতি ও স্বজনপ্রীতি চলতে থাকায় এবং ইচ্ছার বিরুদ্ধে ইউপিডিএফের সাথে সংঘাতে জড়াতে বাধ্য করানোর কারণে সন্তু গ্রুপের সাধারণ নেতাকর্মীদের মধ্যে দীর্ঘ দিন ধরে ক্ষোভ ও অসন্তাষ বিরাজ করছিল। তারই ফলশ্রুতিতে আজ তাদের ৫ জন সদস্য বিদ্রোহ করে দলত্যাগ করতে চাইলে তাদের ওপর মধুমঙ্গল পাড়ায় জেএসএস সন্তু গ্রুপ গুলি বর্ষণ করে। এতে ঘটনাস্থলে ৩ জন মারা যান, বাকি ২ জনকে বন্দী করা হয়।’
ইউপিডিএফ বিবৃতিতে আরো উল্লেখ করে যে, ‘আজকের ঘটনাটি কোন সাধারণ ও বিচ্ছিন্ন ঘটনা নয়, এই ঘটনা সুবিধাবাদী ও আদর্শহীন রাজনীতির ওপর প্রতিষ্ঠিত জেএসএস সন্তু গ্রুপের ভেতরে বড় ধরনের ভাঙনেরই ইঙ্গিত দিচ্ছে।’

















