চকরিয়ায় বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু


টানা অবিরাম বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে কক্সবাজারের চকরিয়া ও নবগঠিত মাতামুহুরী উপজেলার বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। পাহাড় থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে গেছে দুই উপজেলার বিস্তীর্ণ এলাকার লোকালয়। চারদিকে থৈ থৈ করছে বন্যার পানি। ভয়াবহ এ দুর্যোগের মধ্যে চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৯জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে মাতামুহুরী উপজেলার কোনাখালী ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের চড়াপাড়া এলাকায় এবং চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের মাইজ কাকারা গ্রামে পৃথক এসব মৃত্যুর ঘটনা ঘটে।
বন্যার পানিতে ডুবে মারা যাওয়া শিশুরা হলেন,
মাতামুহুরী উপজেলার কোনাখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চড়াপাড়া এলাকার আরিফুল ইসলামের শিশু পুত্র পুস্প (৩) এবং চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের মাইজ কাকারা গ্রামের সোলতান আহমদের আড়াই বছর বয়সি শিশু পুত্র মো: ওয়াকিম।
স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানাগেছে, গত পাঁচদিন ধরে টানা অবিরাম বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি চকরিয়া ও মাতামুহুরী উপজেলার বিস্তীর্ণ এলাকা ঢুকে প্লাবিত হয়েছে। পাহাড়ি ঢলের পানি বৃদ্ধি পেয়ে আজ ভোর থেকে মানুষের বসতঘরে পানি ঢুকতে শুরু করে। বানের পানিতে তলিয়ে গেছে শিক্ষা প্রতিষ্ঠান, অভ্যন্তরীণ গ্রামীণ সড়ক, ধানের বীজতলা, মৎস্যঘের, সবজি ক্ষেত ও ফসলী জমি।
ভয়াবহ এ দুর্যোগময় পরিস্থিতিতে দুই পরিবারের সদস্যদের অগোচরে লোকচক্ষুর আড়ালে শিশু পুস্প ও মো: ওয়াকিম বন্যার পানিতে ডুবে ভাসতে থাকে। পরে তাদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসক ও হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশু দুইজনকে মৃত ঘোষণা করেন।
এদিকে বন্যার পানিতে শিশুর মৃত্যুর খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শনে ছুটে যান
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার। তিনি সন্তান হারানো দুই শিশুর বাবা-মা ও তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং নিহত দুই শিশুর পরিবারকে খাদ্য ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
এসময় তাঁর সাথে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) দিলীপ দেসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।
চকরিয়া ও মাতামুহুরী উপজেলার দায়িত্বপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার বলেন, বন্যার পানিতে ডুবে নিহত দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত শিশুদের পরিবারসহ ও পাহাড় ধসে নিহত দুই জনের পরিবারকেও প্রশাসনের পক্ষথেকে প্রাথমিক ভাবে নগদ অর্থ সহায়তা এবং খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়েছে বলে তিনি জানান।
















