অবৈধভাবে পাচারের সময় বিপুল পরিমাণ মাছ আটক করেছে

রাঙ্গামাটি প্রতিনিধি:
বৃহস্পতিবার গভীর রাতে রাঙ্গামাটি আনসার ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট উপ-পরিচালক লুৎফর রহমানের নেতৃত্বে একদল ব্যাটালিয়ন আনসার সদস্যরা রাঙ্গামাটি থেকে অবৈধভাবে পাচার হয়ে যাওয়ার সময় বিপুল পরিমাণ মাছ আটক করেন। রাঙ্গামাটি জেলা মৎস্য অধিদফতর হতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি অবৈধ দুষ্ট চক্রের মাধ্যমে বিপুল পরিমাণ মাছ রাঙ্গামাটি থেকে পাচার হয়ে যাচ্ছে।
সংবাদ পাওয়ার সাথে সাথে জেলা কমান্ড্যান্ট লুৎফর রহমান ও সার্কেল অ্যাডজুট্যান্ট মোহাম্মদ মিরাজুল ইসলাম খান এর নেতৃত্বে রাঙ্গামাটি জেলা আনসার ভিডিপি’র সংবাদদাতা মোঃ রবিউল ইসলামসহ আর পি চেক পোষ্টে ডিউটিতে থাকা নায়েক ওসমান, সিপাহী ইমরান হোসেন, সিপাহী মাহবুব আলম এর সমন্বয়ে একটি দল রাঙ্গামাটি জেলা আনসার ভিডিপি কার্যালয়ের আর পি চেক পোষ্টে আবস্থান নেন। রাতে মাছ ভর্তি একটি সিএনজি অটেরিক্সা দ্রুত গতিতে জেলা আনসার ভিডিপি কার্যালয়ের আর পি চেক পোষ্ট অতিক্রম করতে চাইলে জেলা কমান্ড্যান্ট উপ-পরিচালক লুৎফর রহমানের নেতৃত্বে থাকা ব্যাটালিয়ন আনসার সদস্যরা সিএনজি অটোরিক্সাটির গতিরোধ করেন এবং অটোরিক্সা টিকে চ্যালেঞ্জ করলে অটোরিক্সার সাথে থাকা পাচারকারী দলের সদস্যরা কৌশলে পালিয়ে যায়। এসময় অটোরিক্সাটিতে তল্লাশি করে বিপুল পরিমাণ মাছ আটক করেন ব্যাটালিয়ন আনসার সদস্যরা। যার আনুমানিক বাজার মূল্য এক লক্ষ টাকা।
পরে জেলা কমান্ড্যান্ট উপ-পরিচালক লুৎফর রহমান আটককৃত মাছ গুলো রাঙ্গামাটি মৎস্য অধিদফতরের কর্মকর্তাদের হাতে তুলে দেন। উল্লেখ্য রাঙ্গামাটি জেলার বিভিন্ন লেকে মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সকল প্রকার মাছ নিধন, আরোহন ও রপ্তানিকরণ করা সরকারীভাবে আগামী ১লা সেপ্টেম্বর পর্যন্ত নিষিদ্ধ।

















