তাইন্দংয়ের চার পাহাড়ী গ্রামে কমিউনিটি পুলিশিং কমিটির যাত্রা শুরু

16.09.2013_Matiranga-03

নিজস্ব প্রতিবদেক, পার্বত্যনিউজ :

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তাইন্দংয়ে সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্থ বগাপাড়া, স্বর্বেশ্বর পাড়া, মনোদাশপাড়া ও ভগবান টিলা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাতে পাহাড়ীদের সাথে মতবিনিময় সভায় আজ সোমবার বেলা সাড়ে এগারটার দিকে বগাপাড়ায় অনুষ্ঠিত হয়।

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মাইন উদ্দিন খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার মো: জয়নুল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সহকারী পুলিশ সুপার (শিক্ষানবীস) মো: হায়দার ও তাইন্দং ইউনিয়নের চেয়ারম্যান মো: তাজুল ইসলাম ।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভগবান টিলার দেবব্রত চাকমা, স্বর্বেশ্বর পাড়ার বকুল কান্তি চাকমা, তবলছড়ি ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ডা: জামাল উদ্দিন প্রমুখ। মতবিনিময় সভায় সম্প্রতি গঠিত চারটি কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য ছাড়াও স্থানীয় পাহাড়ীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার মো: জয়নুল আবেদীন বলেন, তাইন্দং সহিংসতা আমাদের জন্য খুবই দু:খজনক। যে ক্ষত হয়েছে তা সহজে পুরণ হবার নয়। সারাদেশে পুলিশকে সহযোগীতার লক্ষ্য নিয়ে কাজ করছে কমিউনিটি পুলিশ। তিনি বলেন, বিভিন্ন উপজেলার ন্যায় মাটিরাঙ্গার তাইন্দংয়েও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের অংশ হিসেবে কাজ করবে কমিউনিটি পুলিশ। তিনি বলেন, কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে স্থানীয়ভাবে ছোট ছোট অপরাধ নিস্পত্তির সুযোগ তৈরী হয়। এর মাধ্যমে সামাজিক মর্যাদা বৃদ্ধি পায়। মাদক অপরাধের জন্ম দেয় উল্লেখ করে তিনি বলেন, এ কমিটির মাধ্যমে মাদকের বিরুদ্ধে সামাজিকভাবে জনসচেতনতা সৃষ্টি করতে হবে।

মতবিনিময় সভায় অন্যান্য বক্তারা কমিউনিটি পুলিশিংয়ের কর্মকান্ডকে গতিশীল করার লক্ষে এর ক্ষমতাকে বিকেন্দ্রীকরণ করা দাবী জানিয়ে বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাসহ সামাজিক উন্নয়নে এদেরকে কাজ করতে হবে। তারা আবারও তাইন্দংয়ের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে তবলছড়ি পুলিশ তদন্ত কেন্দ্রকে পুর্ণাঙ্গ থানায় রূপান্তর করে তাইন্দংয়ে পুলিশ তদন্ত কেন্দ্র বা পুলিশ ক্যাম্প স্থাপনের দাবী জানান।

উল্লেখ্য যে, গত ৩ আগষ্ট সৃষ্ট ঘটনার প্রেক্ষিতে খাগড়াছড়ির পুলিশ সুপার শেখ মো: মিজানুর রহমান এর নির্দেশনা মতো মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মাইন উদ্দিন খান গত কয়েকদিন ধরে দফায় দফায় বৈঠক করে তাইন্দংয়ের বগাপাড়া, স্বর্বেশ্বর পাড়া, মনোদাশপাড়া ও ভগবান টিলা এলাকায় কমিউনিটি পুলিশিং কমিটি গঠন করেন। সে সকল কমিটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হল আজ সোমবার থেকে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন