চেক প্রতারণা মামলায় চকরিয়া উপজেলা জাতীয় পার্টির সম্পাদক গ্রেপ্তার

চকরিয়া প্রতিনিধি:
কক্সবাজারের চকরিয়া উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শামশুল আলমকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। চেক প্রতারণার মামলায় আদালত কর্তৃক তিন মাসের জেল ও নগদ তিন লক্ষ টাকা অর্থদণ্ড দেওয়ার পর থেকে গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিলেন তিনি। গ্রেপ্তারের পর তাকে শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে।
এর আগে বাড়িতে অবস্থানের খবর পেয়ে শুক্রবার দিবাগত রাতে উপজেলার কাকারা ইউনিয়নের পূর্ব কাকারার নিজ বাড়ি থেকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে পুলিশ। শামশুল আলম ওই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
পুলিশ জানায়, একই এলাকার নজিরুল ইসলাম নামের এক ব্যক্তি তার বিরুদ্ধে চেক প্রতারণা অভিযোগ এনে এনআই অ্যাক্টে মামলা করেন কক্সবাজার জজ আদালতে। দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে আদালত শামশুল আলমকে তিন মাসের কারাদণ্ড এবং নগদ তিন লক্ষ টাকা জরিমানা করেন। এর পর থেকে আত্মগোপনে চলে যান শামশুল আলম।
চকরিয়া থানার ওসি মো. জহিরুল ইসলাম জানান, বাড়িতে অবস্থানের খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর তাকে আদালতে সোপর্দ করা হয়।


















