রামুতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-গোলাবারুদসহ ৭ জন গ্রেফতার


কক্সবাজারের রামু উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন সরঞ্জামসহ ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার, ৫ মে সকালে রামু থানার রশিদনগর ইউনিয়নের বড় ধলিরছড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৭টায় এসআই মোহাম্মদ আনোয়ারের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। পরে সকাল ৯টা ১৫ মিনিটে বড় ধলিরছড়া এলাকার আমির হোসেন ওরফে কালাবাঁশির বসতঘরের সামনের কক্ষ থেকে অস্ত্র ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে ৭ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— আমির হোসেন (২৭) ওরফে কালাবাঁশি, হেলাল উদ্দিন, আবুল কাশেম, মো. আলমগীর, শফিউল করিম, সুবাস ওরফে শুভ রাজ এবং শেফায়েত নুর।
অভিযানে উদ্ধার করা আলামতের মধ্যে রয়েছে— একটি দেশীয় তৈরি একনলা বন্দুক, ৪টি তাজা গুলি, ৫টি খালি গুলি, ৫টি শটগানের কার্তুজ, ৩টি কিরিচ, একটি গ্রাইন্ডিং মেশিন, একটি চাইনিজ কুড়াল, ৯টি চকলেট বোমা, অস্ত্র তৈরির নকশা, লোহার বিভিন্ন সরঞ্জামসহ বিপুল পরিমাণ যন্ত্রপাতি।
রামু থানার ওসি (তদন্ত) মোহাম্মদ ফরিদ জানিয়েছেন- গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য এবং তারা দীর্ঘদিন ধরে এলাকায় ডাকাতির পরিকল্পনা করে আসছিল। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

















