আল্লাহ ছাড়া নির্বাচন কেউ ঠেকাতে পারবে না : সালাহ উদ্দিন আহমদ

fec-image

স্বয়ং আল্লাহ ছাড়া এই নির্বাচন আর কেউ ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, দেশের মানুষ এখন নির্বাচনমুখী। কেউ নির্বাচনের বিরোধিতা করলে বাংলাদেশের জনগণ তাদের প্রত্যাখ্যান করবে।

শনিবার (৩০ আগস্ট) সকালে নেত্রকোণা জেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালাহ উদ্দিন আহমদ বলেন, আমরা সাংবিধানিক সংস্কার করছি। রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কার করছি। একটি লক্ষ্য নিয়েই সংস্কার করছি, যাতে এই দেশে আর কোনোদিন ফ্যাসিবাদের জন্ম না হয়।

আগামী সংসদীয় নির্বাচনের পর বিএনপি সংস্কার বাস্তবায়ন করবে জানিয়ে এই বিএনপি নেতা বলেন, যে সংস্কারগুলো বাস্তবায়ন করতে সংবিধান সংশোধনের প্রয়োজন নেই তা বর্তমান সরকার এখনই বাস্তবায়ন করতে পারে।

তিনি বলেন, আগামী ২০২৬ সালের রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে। কেউ নির্বাচন ঠেকাতে পারবে না। একমাত্র আল্লাহ রাববুল আল আমিন ছাড়া।

ঠুনকো অজুহাতে কেউ কেউ নির্বাচন বাধাগ্রস্ত করতে চায় বলেও অভিযোগ করেন সালাউদ্দিন আহমদ। বলেন, দেশে নির্বাচনী আবহ তৈরি হয়েছে। প্রার্থীরা গণসংযোগ শুরু করেছে। এখন যদি কেউ নির্বাচন বিরোধী বক্তব্য দেয় তবে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে।

জানা গেছে, সম্মেলনে জেলার ১০ উপজেলা ও ৫টি পৌরসভা মিলিয়ে মোট ১৫টি ইউনিটের প্রতিটি থেকে ১০১ জন করে সর্বমোট ১ হাজার ৫১৫ জন কাউন্সিলর অংশ নিচ্ছেন। তারা প্রত্যক্ষ ভোটের মাধ্যমে জেলা বিএনপির সভাপতি ও সম্পাদক নির্বাচন করবেন। দ্বিতীয় অধিবেশনে ভোটগ্রহণের মাধ্যমে সভাপতি পদে দুজন প্রার্থী এবং সম্পাদক পদে তিনজন প্রার্থীর মধ্য থেকে যথাক্রমে একজন সভাপতি ও একজন সম্পাদক নির্বাচিত হবেন।

সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: নির্বাচন, বক্তব্য, বিএনপি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন