ইরানে ভূপতিত যুক্তরাষ্ট্রের এফ-১৫ যুদ্ধবিমানের দ্বিতীয় ক্রু শনাক্ত


ইরানে ভূপাতিত যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ যুদ্ধবিমানের দ্বিতীয় ক্রুকে শনাক্ত করেছে দেশটির বিশেষ বাহিনী। তবে সংঘর্ষের কারণে এখনো তাকে নিরাপদে দেশটির বাইরে সরিয়ে নেওয়া সম্ভব হয়নি।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা রোববার (৫ এপ্রিল) সকালে জানায়, মার্কিন কর্মকর্তারা দ্বিতীয় পাইলটকে শনাক্ত করার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে পরবর্তী জানানো হয়, তাকে উদ্ধার করে ইরানের বাইরে নিয়ে যাওয়া এখনো সম্ভব হয়নি।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, শনিবার রাতে নিখোঁজ ক্রুর অবস্থান শনাক্ত করার পরপরই উদ্ধার অভিযান শুরু করে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্স। কিন্তু অভিযান চলাকালে তারা প্রবল প্রতিরোধের মুখে পড়ে। ফলে পরিস্থিতি জটিল হয়ে ওঠে এবং এখনো ওই এলাকায় সংঘর্ষ অব্যাহত রয়েছে।
ধারণা করা হচ্ছে, উদ্ধারকারী দল এবং সংশ্লিষ্ট ক্রু এখনো ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছেন। তাদের নিরাপদে সরিয়ে আনতে অভিযান চালিয়ে যাচ্ছে মার্কিন বাহিনী।
উল্লেখ্য, যুদ্ধবিমানটি ইরানের দেহদাস্ত এলাকায় ভূপাতিত হয়। বিমানটি ভূপাতিত হওয়ার পর রাতভর সেখানে হামলা চালায় যুক্তরাষ্ট্র, যাতে কয়েকজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
গত শুক্রবার বিমানটি ভূপাতিত হওয়ার পর থেকেই নিখোঁজ পাইলটদের খুঁজে বের করার চেষ্টা শুরু করে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে ইরানও অনুসন্ধান অভিযান চালায় এবং এ কাজে সাধারণ মানুষকেও অংশ নিতে আহ্বান জানায়।
সূত্র: আল জাজিরা

















